ভবানীপুর কেন্দ্রে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর মনোনয়ন পেশকে কেন্দ্র করে তুঙ্গে রাজনৈতিক পারদ। বৃহস্পতিবার শুভেন্দুর পাশে দাঁড়িয়ে হাজরার সভা থেকে তৃণমূল সরকারকে সমূলে উপড়ে ফেলার ডাক দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মালদহে বিচারক নিগ্রহের ঘটনার তীব্র নিন্দা করে তিনি সাফ জানান, এবার বাংলায় ভয়মুক্ত ভোট হবে। শাহের হুঙ্কার, “কোনো গুণ্ডার সাহস নেই ভোটারদের আটকানোর।”
মুখ্যমন্ত্রীকে নিশানা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “গতবার মমতাজি সরকার গড়লেও শুভেন্দুর কাছে হেরেছিলেন। এবার তিনি ভবানীপুরেও হারবেন, বাংলাতেও হারবেন।” তিনি ভবানীপুরবাসীর উদ্দেশে একটি ‘শর্টকাট’ ফর্মুলা দিয়ে বলেন, এই একটি আসনে বিজেপি জিতলে গোটা বাংলায় আপনা-আপনি পরিবর্তন চলে আসবে। অনুপ্রবেশ রোখা এবং সোনার বাংলা গড়ার লক্ষ্যে ৫ মে বিজেপি সরকার ক্ষমতায় আসছে বলে দাবি করেন তিনি। দুর্নীতি, তোলাবাজি ও বেকারত্ব ঘোচাতে মমতাকে ‘বাই-বাই’ বলার আহ্বান জানিয়ে শাহ ঘোষণা করেন, নির্বাচনের শেষ ১৫ দিন তিনি বাংলাতেই থাকছেন।





