মমতা আসলে ‘পিটিশন চোর’! SIR মামলা নিয়ে বিস্ফোরক সেলিম, ‘আসল’ মামলাকারীকে নিয়ে সুপ্রিম কোর্টে যাচ্ছে বামেরা

ভোটার তালিকার স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা এসআইআর (SIR) নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ‘পিটিশন চুরির’ চাঞ্চল্যকর অভিযোগ তুলল সিপিআইএম। বামেদের দাবি, এই প্রক্রিয়ায় সাধারণ মানুষের হয়রানি নিয়ে সুপ্রিম কোর্টে প্রথম মামলা করেছিলেন মুর্শিদাবাদের ভগবানগোলার সাধারণ গৃহবধূ তথা সিপিআইএম সদস্য মুজতারি বানু। মুখ্যমন্ত্রী এখন সেই মামলায় জুড়ে গিয়ে নিজেকে ‘ত্রাতা’ হিসেবে তুলে ধরে রাজনৈতিক কৃতিত্ব নিতে চাইছেন।

বৃহস্পতিবার এক সাংবাদিক বৈঠকে সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় মুখে এসআইআর-এর বিরোধিতা করলেও কাজের কাজ কিছুই করেননি। বরং আমাদের করা মামলায় ঢুকে পড়ে এখন কৃতিত্ব নিতে চাইছেন। তিনি আসলে একজন পিটিশন চোর।” বামেদের আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় জানান, আগামী সোমবার এই মামলার পরবর্তী শুনানিতে মুজতারি বানুকে সশরীরে সুপ্রিম কোর্টে নিয়ে যাওয়া হবে, যাতে শীর্ষ আদালত জানতে পারে আসল মামলাকারী কে।

মুজতারি বানু নিজে অভিযোগ করেছেন, দীর্ঘ বছর ভোট দেওয়ার পরেও তাঁকে এবং তাঁর পরিবারকে বয়সের অজুহাতে নোটিশ পাঠিয়ে হেনস্তা করা হচ্ছে। সিপিআইএম-এর অভিযোগ, তৃণমূল ও বিজেপি তলে তলে সংখ্যালঘু ও প্রান্তিক মানুষদের বেনাগরিক করার চক্রান্ত করছে। কেরল বা তামিলনাড়ুর মতো বিধানসভায় কেন নিন্দাপ্রস্তাব আনা হয়নি, সেই প্রশ্নও তুলেছেন সেলিম। সোমবার সুপ্রিম কোর্টে এই মামলা কোন দিকে মোড় নেয়, এখন সেটাই দেখার।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy