মনোনয়ন জমা দিতে বুলডোজারে সওয়ার বিজেপি প্রার্থী! বর্ধমানের রাস্তায় এলাহি কাণ্ড

ভোটের মুখে ফের শিরোনামে ‘বুলডোজার রাজনীতি’। রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে ‘বুলডোজার শাসন’ চলবে— কেন্দ্রীয় নেতাদের এই হুঁশিয়ারিকে এবার আক্ষরিক অর্থেই বাস্তবের মাটিতে নামিয়ে আনলেন বর্ধমানের গলসি বিধানসভার বিজেপি প্রার্থী রাজু পাত্র। মঙ্গলবার রীতিমতো বুলডোজারে চড়ে মনোনয়ন জমা দিতে বেরিয়ে চমক দিলেন তিনি। গলসি থেকে বর্ধমান শহর পর্যন্ত বুলডোজারে চেপে এলেও, নির্বাচনী বিধিভঙ্গের আশঙ্কায় আধিকারিকের দপ্তরে পৌঁছানোর আগেই তাঁকে নামিয়ে দেয় কমিশন।

রাজু পাত্রের সাফ কথা, “রাজ্যে চলা গুন্ডারাজ খতম করে সুশাসন প্রতিষ্ঠা করতে ২০২৬-এ বিজেপি আসছেই। আমরা আগাম বার্তা দিতে এসেছি।” তাঁর এই বুলডোজার-কৌশলকে অবশ্য কটাক্ষ করতে ছাড়েনি ঘাসফুল শিবির। তৃণমূল প্রার্থী খোকন দাসের সমর্থনে প্রচারে এসে সাংসদ জুন মালিয়া বলেন, “বিজেপি প্রার্থী বুঝতে পেরেছেন ৪ মে বাংলার মানুষই বুলডোজার দিয়ে মোদি-শাহদের উৎখাত করবে। রাজ্যে বিজেপি এবার শূন্য হয়ে যাবে।”

রাজনৈতিক পরিসংখ্যান বলছে, গলসিতে লড়াই বেশ কঠিন। ২০১৯-এর লোকসভায় বিজেপি এখানে এগিয়ে থাকলেও ২০২১-এর বিধানসভা এবং ২০২৪-এর লোকসভা নির্বাচনে তৃণমূল নিজেদের জমি পুনরুদ্ধার করেছে। তৃণমূলের ৪৭-৪৮ শতাংশ ভোটের বিপরীতে বিজেপির ঝুলি ৩৯ শতাংশের আশেপাশে ঘুরপাক খাচ্ছে। এই ব্যবধান ঘোচাতেই কি রাজু পাত্রের এই ‘বুলডোজার-চমক’? এখন সেটাই বড় প্রশ্ন।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy