মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির আঁচ এবার সরাসরি ভারতীয় মধ্যবিত্তের পকেটে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়ার ফলে ভারতেও জ্বালানির দামে বড়সড় বদল এল। শুক্রবার সন্ধ্যা থেকেই দেশজুড়ে প্রিমিয়াম পেট্রোলের দাম লিটার প্রতি ২ টাকা থেকে ২.৩ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। ইন্ডিয়ান অয়েল (IOCL) এবং হিন্দুস্তান পেট্রোলিয়াম (HPCL)-এর মতো রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি তাদের ব্র্যান্ডেড জ্বালানি—বিশেষ করে XP95 এবং পাওয়ার (Power) পেট্রোলের নতুন মূল্য তালিকা প্রকাশ করেছে।
স্বস্তির বিষয় এই যে, সাধারণ পেট্রোল ও ডিজেলের দামে আপাতত কোনো পরিবর্তন করা হয়নি। ফলে গণপরিবহন ও সাধারণ বাইক-গাড়ি চালকদের ওপর এর সরাসরি প্রভাব পড়ছে না। তবে লাক্সারি বা হাই-এন্ড গাড়ি, যেগুলোতে প্রিমিয়াম জ্বালানি ব্যবহৃত হয়, সেই সব মালিকদের এবার বাড়তি খরচ গুনতে হবে। পুনেতে প্রিমিয়াম পেট্রোলের দাম লিটার প্রতি ২.০৯ টাকা বেড়েছে। দিল্লি, মুম্বাই এবং চেন্নাইয়ের মতো মেট্রো শহরগুলোতেও পাল্লা দিয়ে বেড়েছে দাম।
বিশেষজ্ঞদের মতে, আমেরিকা-ইরান যুদ্ধের জেরে বিশ্ববাজারে তেলের সরবরাহ ব্যাহত হওয়ায় এই মূল্যবৃদ্ধি অনিবার্য ছিল। সাধারণ পেট্রোলের তুলনায় প্রিমিয়াম পেট্রোলের দাম এমনিতেই বেশি থাকে, এদিনের বৃদ্ধির ফলে দুই ধরনের জ্বালানির দামের পার্থক্য আরও প্রকট হলো। যুদ্ধের রেশ না কাটলে আগামী দিনে সাধারণ জ্বালানির দামও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।