ইজরায়েল ও ইরানের মধ্যে ক্রমবর্ধমান সংঘাতের জেরে রণক্ষেত্রের চেহারা নিয়েছে মধ্যপ্রাচ্য। মুহুর্মুহু মিসাইল হামলা আর আকাশসীমা বন্ধ হয়ে যাওয়ায় সেখানে আটকে পড়েছিলেন হাজার হাজার ভারতীয় পর্যটক। দীর্ঘ উৎকণ্ঠার পর সোমবার রাতে দিল্লি, মুম্বই ও বেঙ্গালুরুতে বিশেষ বিমান অবতরণ করতেই স্বস্তির নিঃশ্বাস ফেললেন পরিজনরা।
দুবাই ও ওমানের মাস্কাট থেকে ফিরে আসা যাত্রীদের চোখেমুখে এখনও আতঙ্কের ছাপ স্পষ্ট। ওমান থেকে ফেরা অনিশা আগরওয়াল জানান, “আকাশে মিসাইল দেখামাত্রই সক্রিয় হচ্ছিল এয়ার ডিফেন্স সিস্টেম। কান ফাটানো আওয়াজে বাচ্চারা ভয়ে কুঁকড়ে যাচ্ছিল। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে আমরা দ্রুত দেশে ফেরার সিদ্ধান্ত নিই।” অন্য এক যাত্রী আদিল জানান, একাধিক উড়ান বাতিল হওয়ায় তাঁরা চরম অনিশ্চয়তায় ছিলেন। শেষ পর্যন্ত ভারতীয় দূতাবাসের সহায়তায় দেশে ফিরতে পেরে তিনি আপ্লুত।
দুবাই বিমানবন্দর আংশিক চালু হলেও আকাশপথে যুদ্ধকালীন তৎপরতা বজায় রয়েছে। ফিরতি যাত্রীদের বর্ণনা অনুযায়ী, আকাশে মিসাইল ইন্টারসেপ্ট করার দৃশ্য ছিল শিউরে ওঠার মতো। আপাতত নিজেদের ভিটেয় পা রেখে ‘জীবন ফিরে পেলেন’ বলে মনে করছেন যুদ্ধবিধ্বস্ত এলাকা থেকে ফেরা ভারতীয়রা।