মণিপুরে সেনার মেগা অপারেশন! ৪ দুর্ধর্ষ জঙ্গি গ্রেফতার, উদ্ধার আইইডি ও মর্টারের পাহাড়!

উত্তপ্ত মণিপুরে বড়সড় সাফল্যের মুখ দেখল ভারতীয় নিরাপত্তা বাহিনী। উপত্যকা জুড়ে চলা বিশেষ অভিযানে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের চার সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে। ধৃত জঙ্গিরা মূলত বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান ও সাধারণ মানুষের কাছ থেকে চাঁদাবাজির চক্র চালাচ্ছিল বলে পুলিশ সূত্রে খবর। রবিবার মণিপুর পুলিশের পক্ষ থেকে একটি বিবৃতি জারি করে এই অভিযানের বিস্তারিত তথ্য জানানো হয়েছে।

পুলিশি অভিযানে ধৃতদের মধ্যে রয়েছে নিষিদ্ধ সংগঠন ‘প্রেপাক’ (PREPAK)-এর দুই সদস্য, যাদের ইম্ফল পূর্ব ও পশ্চিম জেলা থেকে পাকড়াও করা হয়েছে। এছাড়াও কাকচিং জেলা থেকে ‘কেওয়াইকেএল’ (KYKL) এবং কাঞ্চিপুর এলাকা থেকে ‘ইউএনএলএফ-কে’ (UNLF-K)-এর এক সদস্যকে জালে তুলেছে বাহিনী। তবে শুধু গ্রেফতারিই নয়, ভারত-মায়ানমার সীমান্তের কাছে তেঙ্গনোপাল জেলার ইয়াঙ্গুবুং এলাকা থেকে একটি শক্তিশালী মর্টার এবং দুটি আইইডি (IED) উদ্ধার করা হয়েছে। গোয়েন্দাদের অনুমান, বড়সড় কোনো নাশকতার উদ্দেশ্যেই এই বিস্ফোরকগুলি মজুত করা হয়েছিল। বোমা নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থলেই আইইডিগুলি ধ্বংস করে দেয়।

মণিপুরের বর্তমান পরিস্থিতিতে এই ধরনের নাশকতামূলক কার্যকলাপ রুখতে রাজ্যে ব্যাপক তল্লাশি ও চিরুনি অভিযান শুরু হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জঙ্গিদের গোপন ডেরাগুলো চিহ্নিত করে ঘেরাও করা হচ্ছে। পুলিশের দাবি, চাঁদাবাজি এবং অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত কাউকেই রেয়াত করা হবে না। উপত্যকার জনজীবনে শান্তি ফেরাতে এবং বিচ্ছিন্নতাবাদী শক্তিগুলোর কোমর ভাঙতে আগামী দিনে এই অভিযান আরও জোরদার করা হবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy