পৃথিবীর বাইরে অন্য গ্রহে কি লুকিয়ে আছে বিপুল রত্নভাণ্ডার? নাসার ‘পারসিভিয়ারেন্স’ রোভারের পাঠানো সাম্প্রতিক কিছু তথ্য ও ছবি বিশ্লেষণ করে এমনই চাঞ্চল্যকর ইঙ্গিত দিয়েছেন বিজ্ঞানীরা। মঙ্গলগ্রহের বুকে খোঁজ মিলেছে এমন এক বিশেষ ধরনের নুড়ি পাথরের, যা মূলত চুনি (Ruby) ও নীলকান্তমণির (Sapphire) মতো দামী রত্ন পাথরের জন্মদাতা।
টেক্সাসে আয়োজিত ‘লুনার অ্যান্ড প্ল্যানেটরি কনফারেন্স’-এ গবেষকরা জানান, এই বিশেষ পাথরগুলো সাধারণত প্রবল তাপ এবং টেকটনিক প্লেটের নড়াচড়ার ফলে তৈরি হয়। কিন্তু রহস্যের বিষয় হলো, মঙ্গলে কোনো টেকটনিক প্লেট নেই। তবে এই পাথর এল কোথা থেকে? বিজ্ঞানীদের অনুমান, কোটি কোটি বছর আগে মঙ্গলের বুকে আছড়ে পড়া শক্তিশালী গ্রহাণুর (Asteroid) তীব্র উত্তাপেই সেখানকার ধুলো নিজের ধর্ম বদলে এই রত্ন সদৃশ পাথরে রূপান্তরিত হয়েছে। যদিও এই নুড়িগুলোর আকার মাত্র ০.২ মিলিমিটার, তবুও এর রাসায়নিক গঠন বিজ্ঞানীদের রীতিমতো স্তম্ভিত করে দিয়েছে। নিউ মেক্সিকোর গবেষণাগারে এই পাথরের গঠন নিয়ে আরও পরীক্ষা-নিরীক্ষা চলছে, যা লাল গ্রহ সম্পর্কে আমাদের ধারণা সম্পূর্ণ বদলে দিতে পারে।