পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পরেই রাজনৈতিক পারদ তুঙ্গে। রবিবার নির্ঘণ্ট প্রকাশের ২৪ ঘণ্টার মধ্যেই সোমবার রাজপথে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। সিলিন্ডারের আকাল ও মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিকেলে কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিলের মাধ্যমে তৃণমূল তাদের নির্বাচনী প্রচারের সুর বেঁধে দেবে। অন্যদিকে, কাল, মঙ্গলবারই কালীঘাট থেকে তৃণমূল তাদের প্রার্থী তালিকা ঘোষণা করতে পারে বলে খবর। সূত্রের দাবি, পারফরম্যান্সের ভিত্তিতে এবার একাধিক নতুন মুখকে সুযোগ দিতে পারে ঘাসফুল শিবির।
পিছিয়ে নেই বিজেপিও। দলীয় সূত্রে খবর, মঙ্গলবার প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করতে পারে গেরুয়া শিবির। প্রথম তালিকায় প্রায় ১৫৫ জন প্রার্থীর নাম থাকার সম্ভাবনা রয়েছে। আজ দিল্লিতে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার ও শমীক ভট্টাচার্যের সঙ্গে কেন্দ্রীয় নেতৃত্বের গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে। সেই বৈঠকের পরই বিজেপির প্রার্থী তালিকা চূড়ান্ত হবে।
উল্লেখ্য, ২০২৬-এর বিধানসভা নির্বাচন এবার দুই দফায়—২৩ এপ্রিল ও ২৯ এপ্রিল অনুষ্ঠিত হবে। প্রথম দফায় ১৫২টি এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে ভোটগ্রহণ হবে। গণনা হবে ৪ মে। গতবারের ৮ দফার পরিবর্তে এবার ২ দফায় ভোট কেন? এই প্রশ্নের উত্তরে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানিয়েছেন, কমিশনের মতে দফা কমানো প্রয়োজন ছিল এবং সকলের সুবিধার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া দেশের বিভিন্ন রাজ্যে উপনির্বাচনের দিনক্ষণও ঘোষণা করেছে কমিশন। সব মিলিয়ে বাংলার রাজনৈতিক ময়দান এখন নির্বাচনের উত্তাপে ফুটছে।