ভারত-মার্কিন অন্তর্বর্তী বাণিজ্য চুক্তির প্রতিবাদে এবার বড়সড় আন্দোলনে নামছে কংগ্রেস। মঙ্গলবার মধ্যপ্রদেশের ভোপালে আয়োজিত হচ্ছে বিশাল ‘কিসান সম্মেলন’। কংগ্রেসের অভিযোগ, ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সঙ্গে মোদি সরকারের এই চুক্তির ফলে ভারতীয় কৃষকরা চরম ক্ষতির মুখে পড়বেন। বিশেষ করে শুল্কমুক্ত মার্কিন কৃষিপণ্য ভারতে প্রবেশের অনুমতি মেলায় দেশীয় বাজার ধ্বংস হবে বলে দাবি হাত শিবিরের।
মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় শুরু হওয়া এই সম্মেলনে উপস্থিত থাকবেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং রাহুল গান্ধী। ভোপাল ইতিমধ্যেই পোস্টার ও ব্যানারে ছেয়ে গিয়েছে। কংগ্রেস নেতা রণদীপ সিং সুরজেওয়ালার দাবি, শুল্ক কমানোর ফলে ভুট্টা, সয়াবিন ও ফলের বাজারে অসম প্রতিযোগিতা তৈরি হবে। এতে কি ‘পেছনের দরজা দিয়ে’ ক্ষতিকর জিএম (GM) ফসলের প্রবেশ ঘটবে? এই প্রশ্নও তুলছে বিরোধী পক্ষ।
ভোপালের পর আগামী ৭ মার্চ মহারাষ্ট্রের যবতমাল এবং ৯ মার্চ রাজস্থানের শ্রীগঙ্গানগরেও একই ধরনের সম্মেলনের পরিকল্পনা রয়েছে দলের। রাহুল গান্ধী সম্প্রতি কৃষক নেতাদের সঙ্গে বৈঠক করে স্পষ্ট করেছেন যে, এই ইস্যুতে জাতীয় স্তরে বড় মাপের গণ-আন্দোলন গড়ে তোলা হবে। কংগ্রেসের অভিযোগ, ‘আত্মনির্ভর ভারত’-এর বুলি আওড়ানো সরকার আসলে ভারতকে ‘আমেরিকা-নির্ভর’ করে তুলছে।