ভোটের দামামা বাজার আগেই বড়সড় ভাঙন বাম শিবিরে। সিপিআইএম-এর রাজ্য কমিটি থেকে ইস্তফা দিলেন দলের অন্যতম পরিচিত মুখ প্রতীক-উর রহমান। রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমকে চিঠি দিয়ে তিনি জেলা ও রাজ্য কমিটির সমস্ত দায়িত্ব-সহ দলের প্রাথমিক সদস্যপদ থেকেও অব্যাহতি চেয়েছেন। প্রতীক-উরের এই ইস্তফাপত্র সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে।
গত কয়েকদিন ধরেই দলের অন্দরে প্রতীক-উরের অবস্থান নিয়ে জল্পনা চলছিল। বিশেষ করে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরের সঙ্গে মহম্মদ সেলিমের বৈঠক এবং সেই প্রেক্ষিতে শতরূপ ঘোষের ‘নীতি-নৈতিকতা’ সংক্রান্ত মন্তব্যের কড়া সমালোচনা করেছিলেন প্রতীক। শতরূপের নাম না নিলেও তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, “নীতি নৈতিকতা ছাড়া আর যাই হোক, কমিউনিস্ট পার্টি হয় না।” চিঠিতেও তিনি স্পষ্ট জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে নেতৃত্বের বেশ কিছু ভাবনা ও কর্মপদ্ধতির সঙ্গে তিনি নিজেকে খাপ খাইয়ে নিতে পারছেন না এবং গভীর মানসিক দ্বন্দ্বের মধ্য দিয়ে চলছেন।
নির্বাচনের প্রাক্কালে প্রতীকের মতো একজন সক্রিয় যুব নেতার দলত্যাগ দলের জন্য বড় ধাক্কা বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বিশেষ করে যখন নিচুতলার কর্মীদের একাংশের মধ্যে মহম্মদ সেলিমের রণকৌশল নিয়ে প্রশ্ন উঠছে, তখন প্রতীকের এই ‘নীতি-আদর্শ’ ভিত্তিক ইস্তফা আলিমুদ্দিন স্ট্রিটের অস্বস্তি কয়েকগুণ বাড়িয়ে দিল।