ভোটের নির্ঘণ্ট ঘোষণা হতেই ফের উত্তপ্ত তিলোত্তমা। ভোটার তালিকায় নাম তোলা নিয়ে এবার বিজেপি-তৃণমূল সংঘাত তুঙ্গে। তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর এক চাঞ্চল্যকর অভিযোগে তোলপাড় শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে। মহুয়ার দাবি, গত দু’দিনে বিজেপির ক্যাডাররা অন্তত ৩০ থেকে ৪০ হাজার ‘ফর্ম-৬’ (নতুন ভোটার হওয়ার আবেদনপত্র) নিয়ে জালিয়াতি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছে। তাঁর প্রশ্ন, যেখানে একজন বুথ লেভেল এজেন্টের মাত্র ৫০টি ফর্ম সংগ্রহের অনুমতি থাকে, সেখানে কীভাবে হাজার হাজার ফর্ম বিজেপির হাতে এল?
এই ঘটনাকে কেন্দ্র করে কলকাতার মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) দপ্তরের সামনে রণক্ষেত্রের চেহারা তৈরি হয়। তৃণমূলের কর্মী-সমর্থকরা অনির্দিষ্টকালের জন্য অবস্থান বিক্ষোভে বসেন। তাঁদের অভিযোগ, বিজেপি নির্বাচন কমিশনের একাংশের সঙ্গে যোগসাজশ করে ভোটার তালিকায় কারচুপি করার চেষ্টা করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করতে হয় পুলিশকে। মহুয়া মৈত্র স্পষ্ট জানিয়েছেন, এই ‘অসাধু কারচুপি’র বিরুদ্ধে তাঁরা সুপ্রিম কোর্ট পর্যন্ত লড়াই চালিয়ে যাবেন। পাল্টা প্রতিবাদে পথে নেমেছে বিজেপিও, যার ফলে দক্ষিণ কলকাতার রাজপথ এখন হাই-ভোল্টেজ রাজনীতির ভরকেন্দ্র।





