রাজ্য বিধানসভা নির্বাচনের মুখে বড়সড় ফাটল দেখা দিল বাম-আইএসএফ জোটে। দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়, বাসন্তী এবং হুগলির খানাকুল আসনে সমঝোতা ভেস্তে যাওয়ায় এখন মুখোমুখি লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে বামফ্রন্টের শরিক আরএসপি (RSP) এবং নওশাদ সিদ্দিকীর ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট (ISF)। বিশেষ করে ভাঙড় আসনে, যেখানে আইএসএফ চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী নিজেই প্রার্থী, সেখানে তাঁকে সমর্থন না করে সিপিআইএমএল (লিবারেশন) মাস লাইন-এর প্রার্থীকে সমর্থনের ঘোষণা করেছে আরএসপি।
আরএসপি-র পক্ষ থেকে এক কড়া বিবৃতিতে জানানো হয়েছে, আইএসএফ বামফ্রন্টের ওপর ‘ব্ল্যাকমেইল’ করার রাজনীতি চালাচ্ছে। তাদের অভিযোগ, আইএসএফ অত্যন্ত সুচতুরভাবে বামেদের সাংগঠনিক শক্তি ব্যবহার করে তৃণমূল ও বিজেপির মেরুকরণকে সাহায্য করছে, যা বামপন্থী আদর্শের পরিপন্থী। বাসন্তী আসনে ইতিমধ্যেই তরুণ আইনজীবী ও কবি সমর বিশ্বাসকে নিজেদের প্রার্থী হিসেবে ঘোষণা করেছে আরএসপি। খানাকুল আসনেও দ্রুত প্রার্থী দেওয়ার কথা জানিয়েছে তারা।
অন্যদিকে, জোটের এই টানাপোড়েনের মাঝেই ঐক্যের ডাক দিয়েছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। এক প্রেস বিবৃতিতে তিনি ২৯৪টি আসনেই বিজেপি ও তৃণমূল বিরোধী জোটবদ্ধ লড়াইয়ের আহ্বান জানিয়েছেন। বিমান বসুর ঘোষণা অনুযায়ী, বামফ্রন্ট ২৫২টি আসনে লড়বে, যার মধ্যে আরএসপি-র ১৬টি আসন পাওয়ার কথা ছিল। কিন্তু আসন বন্টন নিয়ে অসন্তোষ এবং আইএসএফ-এর ‘বিশ্বাসভঙ্গ’-এর অভিযোগে এখন রাজ্য রাজনীতিতে বাম-আইএসএফ সমীকরণ এক জটিল মোড় নিল।





