আগামী ১৬ মার্চ পশ্চিমবঙ্গের ৫টি আসন-সহ দেশের মোট ৩৭টি রাজ্যসভা আসনে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করল নির্বাচন কমিশন। বুধবার সকালে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, বর্তমান বিধায়ক সংখ্যার নিরিখে বাংলার ৫টি আসনের মধ্যে ৪টিতে তৃণমূলের জয় নিশ্চিত। বাকি একটি আসনে প্রার্থী পাঠিয়ে জয় পেতে পারে বিজেপি।
পশ্চিমবঙ্গের যে পাঁচজন সাংসদের মেয়াদ আগামী ২ এপ্রিল শেষ হচ্ছে, তাঁরা হলেন তৃণমূলের সুব্রত বক্সী, সাকেত গোখলে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, মৌসম নুর (যিনি সম্প্রতি কংগ্রেস যোগে পদত্যাগ করেছেন) এবং সিপিএম-এর বিকাশরঞ্জন ভট্টাচার্য। নির্বাচন কমিশনের সূচি অনুযায়ী, ২৬ ফেব্রুয়ারি রাজ্যসভা নির্বাচনের বিজ্ঞপ্তি জারি হবে। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ৫ মার্চ এবং প্রত্যাহারের শেষ তারিখ ৯ মার্চ। ১৬ মার্চ সকাল ৯টা থেকে বিকেল ৪টে পর্যন্ত ভোটগ্রহণ চলবে এবং ওই দিনই বিকেল ৫টা থেকে শুরু হবে ভোট গণনা।
রাজ্যসভার ২৩৩টি নির্বাচিত আসনের এই লড়াই মূলত বিধানসভার শক্তির ওপর নির্ভরশীল। কমিশন ইতিমধ্যেই রাজ্যগুলির প্রধান নির্বাচনী আধিকারিকদের রিটার্নিং অফিসার নিয়োগের নির্দেশ দিয়েছে। ২০ মার্চের মধ্যে গোটা নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। লোকসভা নির্বাচনের আগে এই রাজ্যসভা নির্বাচন রাজনৈতিক দলগুলির কাছে শক্তির মহড়া দেওয়ার অন্যতম মঞ্চ হতে চলেছে।