আজ বিকেল ৪টেয় ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগে পশ্চিমবঙ্গের ভোটারদের জন্য সবচেয়ে বড় বাধা দূর করল নির্বাচন কমিশন। রাজ্যের কয়েক লক্ষ মানুষের নাম বর্তমানে ভোটার তালিকায় ‘আন্ডার অ্যাডজুডিকেশন’ বা বিচারধীন অবস্থায় রয়েছে। কমিশনের নতুন ঘোষণা অনুযায়ী, যদি কোনো ভোটারের মামলার নিষ্পত্তি ভোটের ঠিক আগের দিনও হয়, তবুও তিনি ভোট দিতে পারবেন।
নির্বাচন কমিশন স্পষ্ট করেছে যে, বিচারধীন থাকা নামগুলি যদি সঠিক বলে প্রমাণিত হয়, তবে সংশ্লিষ্ট ভোটারের নাম একটি ‘সাপ্লিমেন্টারি’ বা অতিরিক্ত তালিকায় তুলে দেওয়া হবে। সেই তালিকায় নাম থাকলেই নিয়ম মেনে নিজের বুথে গিয়ে ভোট দেওয়া সম্ভব হবে। মূলত রাজনৈতিক দলগুলির অভিযোগ ছিল, লক্ষ লক্ষ নাম বিচারধীন থাকায় বহু মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত হতে পারেন। কমিশনের এই আশ্বাসে সেই দুশ্চিন্তা অনেকটাই দূর হলো।
বর্তমানে সুপ্রিম কোর্টের নির্দেশে কয়েকশো জুডিশিয়াল অফিসার দিনরাত এক করে এই ভোটার তালিকার শুনানি সারছেন। ভোটারদের সুবিধার্থে কমিশন জানিয়েছে, শুনানির পর যদি দেখা যায় নাম কাটার সিদ্ধান্ত ভুল ছিল, তবে দ্রুত তা সংশোধন করা হবে। এমনকি ভোট ঘোষণার পরেও নাম অন্তর্ভুক্ত করার এই বিশেষ প্রক্রিয়া সচল থাকবে যাতে একজন যোগ্য নাগরিকও তাঁর ভোটাধিকার থেকে বঞ্চিত না হন।