লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগেই চরম অশান্তি দক্ষিণ ২৪ পরগনায়। এবার হামলার মুখে পড়লেন ক্যানিং পূর্বের দাপুটে তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। বিধায়কের ওপর হামলার রেশ কাটতে না কাটতেই এবার খোদ থানার বাইরেই বোমাবাজির ঘটনা ঘটল। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। তৃণমূলের অভিযোগ, এলাকাকে অশান্ত করতে এবং কেন্দ্রীয় বাহিনীর নজর কাড়তে বিরোধীরা এই নাশকতার ছক কষেছে।
স্থানীয় সূত্রে খবর, বিধায়ক যখন দলীয় কর্মসূচি সেরে ফিরছিলেন, তখনই তাঁর কনভয় লক্ষ্য করে ইট ও বোমা ছোড়া হয় বলে অভিযোগ। এই ঘটনার প্রতিবাদে এবং অপরাধীদের গ্রেফতারের দাবিতে তৃণমূল কর্মী-সমর্থকরা থানার সামনে জমায়েত করলে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। অভিযোগ, সেই জমায়েত চলাকালীনই থানার একদম বাইরের গেটে বিকট শব্দে বোমা পড়ে। পুলিশের চোখের সামনেই এমন দুঃসাহসিক বোমাবাজিতে নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠে গিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশাল পুলিশ বাহিনী এবং র্যাফ নামানো হয়েছে। এলাকায় এখনও চাপা উত্তেজনা বিরাজ করছে।