ভোটের আগেই কড়া দাওয়াই! বাংলা দখলে একঝাঁক কেন্দ্রীয় পর্যবেক্ষক, নজরে হাইভোল্টেজ কেন্দ্র!

বাংলার বিধানসভা ভোট মানেই টানটান উত্তেজনা, আর সেই সঙ্গে অশান্তির আশঙ্কা। তবে এবার আর কোনো ফাঁক রাখতে চাইছে না ভারতের নির্বাচন কমিশন (ECI)। গত নির্বাচনের তিক্ত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার মনোনয়ন পর্ব থেকেই কড়া নজরদারির পথে হাঁটছে কমিশন। রাজ্যে পা রাখতে চলেছেন একঝাঁক কেন্দ্রীয় পর্যবেক্ষক। জেলা নয়, এবার বিধানসভা ভিত্তিক নজরদারিতেই জোর দিচ্ছে দিল্লি।

কমিশন সূত্রে খবর, মনোনয়ন জমা দেওয়ার শুরু থেকেই বাংলার একাধিক প্রান্ত থেকে বিরোধী প্রার্থীদের ওপর হামলার অভিযোগ ওঠে। কোথাও জোর করে মনোনয়ন তোলাই দেওয়া হয়, আবার কোথাও বিরোধী শূন্য পঞ্চায়েত বা বিধানসভা করার লক্ষ্যে চলে রাজনৈতিক হিংসা। গত বিধানসভা নির্বাচনেও মনোনয়ন পর্ব থেকেই উত্তপ্ত হয়ে উঠেছিল রাজ্যের রাজনীতি। সেই পুরনো ‘রেকর্ড’ মাথায় রেখেই এবার আগেভাগেই সতর্ক কমিশন।

সূত্রের খবর, এই কেন্দ্রীয় পর্যবেক্ষক দল সরাসরি দিল্লির সদর দফতরে রিপোর্ট পাঠাবে। প্রতিটি বিধানসভা কেন্দ্রে মনোনয়ন প্রক্রিয়ার ভিডিওগ্রাফি এবং কঠোর নিরাপত্তার বন্দোবস্ত করা হচ্ছে। যদি কোনো প্রার্থীকে মনোনয়ন জমা দিতে বাধা দেওয়া হয় বা জোর করে নাম প্রত্যাহারে বাধ্য করা হয়, তবে সরাসরি কমিশনের হস্তক্ষেপের পথ খোলা রাখা হয়েছে। রাজনৈতিক হিংসা রুখতে এবং সাধারণ ভোটারদের মনে আস্থা ফেরাতে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চও দ্রুত শুরু করার পরিকল্পনা রয়েছে। কমিশনের এই কড়া অবস্থানে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। অবাধ ও শান্তিপূর্ণ ভোট করানোই এখন কমিশনের কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy