. ভোটের আগে প্রশাসনে বড় কোপ! তিন শীর্ষ কর্তার বদলি নিয়ে রণংদেহি মেজাজে মমতা বন্দ্যোপাধ্যায়

রাজ্যে বিধানসভা নির্বাচনের দামামা বাজতেই নজিরবিহীন সংঘাতে জড়াল রাজ্য প্রশাসন ও নির্বাচন কমিশন। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং ডিজিপি-র মতো শীর্ষ আধিকারিকদের হঠাৎ বদলি করার সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই পদক্ষেপের বিরোধিতায় সরাসরি মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি পাঠিয়েছেন তিনি। চিঠির বয়ানে ‘ডিয়ার মিস্টার জ্ঞানেশ কুমার’ সম্বোধন করে মুখ্যমন্ত্রী প্রশ্ন তুলেছেন, কোনো প্রশাসনিক গাফিলতি বা অভিযোগ ছাড়াই কেন এই একতরফা সিদ্ধান্ত নেওয়া হলো?

মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, সাধারণত উচ্চপদস্থ আধিকারিক নিয়োগের ক্ষেত্রে রাজ্য সরকার তিনজনের একটি প্যানেল পাঠায়, যেখান থেকে কমিশন একজনকে বেছে নেয়। কিন্তু এবারের ক্ষেত্রে সেই দীর্ঘকালীন গণতান্ত্রিক প্রক্রিয়া মানা হয়নি। চিঠিতে সংবিধানের ৩২৪ অনুচ্ছেদ এবং জনপ্রতিনিধিত্ব আইনের প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী স্মরণ করিয়ে দিয়েছেন যে, নির্বাচনের সময় আধিকারিকরা কমিশনের অধীনে থাকলেও রাজ্য সরকারের সাথে পরামর্শ করাই দস্তুর। ধর্মতলার সভা থেকেও তিনি সুর চড়িয়ে জানিয়েছেন, রাজ্যের মতামত ছাড়া এই রদবদল কোনোভাবেই মেনে নেওয়া যায় না। কমিশনের এই ‘পক্ষপাতদুষ্ট’ ভূমিকার বিরুদ্ধে তিনি যে শেষ পর্যন্ত লড়াই করবেন, সেই বার্তাই আজ স্পষ্ট করেছেন মুখ্যমন্ত্রী।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy