লোকসভা ভোটের ঠিক মুখে রাজ্যের আইন-শৃঙ্খলা এবং পুলিশি নিরাপত্তা নিয়ে নজিরবিহীন কড়া অবস্থান নিল ভারতের নির্বাচন কমিশন। অভিযোগ উঠেছে, রাজ্যে ৮৩২ জন তৃণমূল ঘনিষ্ঠ ব্যক্তিকে নিয়মবহির্ভূতভাবে বিশেষ পুলিশি সুরক্ষা দেওয়া হয়েছে। এই ঘটনাকে ‘গুরুতর ত্রুটি’ হিসেবে চিহ্নিত করে রাজ্যের পুলিশ মহাপরিচালককে (ডিজিপি) আগামী ২-৩ দিনের মধ্যে বিস্তারিত পর্যালোচনার নির্দেশ দিয়েছে কমিশন।
কমিশন সূত্রে খবর, বর্তমানে শাসক দলের সঙ্গে যুক্ত ৮৩২ জন ব্যক্তির নিরাপত্তায় মোতায়েন রয়েছেন ২,১৮৫ জন পুলিশকর্মী। এছাড়াও আরও ১৪৪ জনের নিরাপত্তায় রাজনৈতিক পক্ষপাতিত্বের ছায়া দেখছে কমিশন। সাফ জানানো হয়েছে, নিরাপত্তা দেওয়া বা কাড়ার সিদ্ধান্ত নিতে হবে সম্পূর্ণ পেশাদার ও নিরপেক্ষভাবে। আগামী ৩ দিনের মধ্যে এই ‘Strict Professional Review’ শেষ করে রিপোর্ট জমা দিতে হবে ডিজিপি-কে।
অন্যদিকে, ভোট মিটলেই অশান্তি রুখতে বড় ঘোষণা করেছে কমিশন। জানানো হয়েছে, ভোটগ্রহণ ও গণনা শেষ হলেও বাংলায় মোতায়েন থাকবে ৫০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। ভোট-পরবর্তী হিংসার ইতিহাস মাথায় রেখেই এই অতিরিক্ত ২০০ কোম্পানি বাহিনী রেখে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রশাসনের এই শুদ্ধিকরণ অভিযান এবং বাহিনীর দীর্ঘমেয়াদী অবস্থান নিয়ে এখন তুঙ্গে রাজনৈতিক তর্জা।





