ভোটার তালিকায় ২৭ লাখ নাম গায়েব! অমিত শাহকে ‘মিথ্যেবাদী’ বলে তোপ সাগরিকা ঘোষের

বাংলার বিধানসভা নির্বাচন ঘিরে পারদ চড়ছে হু হু করে। প্রথম দফার ভোট মিটতেই এখন সব নজর দ্বিতীয় দফার দিকে। ঠিক এই সন্ধিক্ষণে ভোটার তালিকায় ‘জালিয়াতি’ এবং অনুপ্রবেশ ইস্যু নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে রণংদেহি মেজাজে ধরা দিলেন তৃণমূল সাংসদ সাগরিকা ঘোষ। ভোটার তালিকা থেকে প্রায় ২৭ লক্ষ নাম বাদ যাওয়া নিয়ে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে তিনি জানতে চাইলেন, “অমিত শাহজি, রোহিঙ্গাদের তালিকা কোথায়?”

রাজ্যে ভোটার তালিকার বিশেষ সংশোধনী প্রক্রিয়া নিয়ে বিতর্ক দীর্ঘদিনের। বিজেপির পক্ষ থেকে বারবার অভিযোগ তোলা হয়েছে যে, তালিকায় প্রচুর অবৈধ অনুপ্রবেশকারী ও রোহিঙ্গাদের নাম রয়েছে। সেই অভিযোগের ভিত্তিতেই নির্বাচন কমিশন তালিকা সংশোধনের কাজ শুরু করে। সাগরিকা ঘোষের দাবি, প্রাথমিক স্তরে প্রায় ৯১ লক্ষ নাম বাদ দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছিল। পরে রাজ্য সরকার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলে ৪৫ লক্ষ নাম পুনরায় অন্তর্ভুক্ত করা হয়। কিন্তু শেষ পর্যন্ত ২৭ লক্ষ নাম পুরোপুরি বাদ পড়ে গিয়েছে।

তৃণমূল সাংসদের প্রশ্ন, এই ২৭ লক্ষ মানুষ কারা? তিনি আক্রমণাত্মক সুরে বলেন, “অমিত শাহ এবং নরেন্দ্র মোদী ভোটারদের দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ। কেন্দ্র বারবার অনুপ্রবেশের জুজু দেখাচ্ছে, কিন্তু কাজের কাজ কিছুই করছে না।” কেন্দ্রকে বিঁধে তাঁর সপাটে প্রশ্ন, “এই বাদ পড়া ২৭ লক্ষ মানুষের মধ্যে কতজন রোহিঙ্গা বা বাংলাদেশি অনুপ্রবেশকারী? সেই তালিকা প্রকাশ করছে না কেন কেন্দ্র বা নির্বাচন কমিশন? আসলে কি রাজনৈতিক স্বার্থে সাধারণ মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে?”

সাগরিকা ঘোষ এদিন সরাসরি হিন্দিতে আক্রমণ শানিয়ে বলেন, “ঝুঁঠা হ্যায় তেরা ওয়াদা! ঝুঁঠা হ্যায় তেরা ওয়াদা!” তাঁর অভিযোগ, বিজেপি রাজ্যে অনুপ্রবেশ নিয়ে নোংরা রাজনীতি করছে। বিশেষ করে মুর্শিদাবাদ ও মালদহের মতো সংখ্যালঘু প্রধান জেলাগুলিতে সাধারণ ও দুর্বল শ্রেণির ভোটারদের টার্গেট করা হয়েছে। অথচ প্রকৃত অনুপ্রবেশকারীদের চিহ্নিত করার কোনও স্বচ্ছ তথ্য কেন্দ্রের কাছে নেই।

নির্বাচন কমিশনের দাবি, ডুপ্লিকেট নাম, মৃত ব্যক্তি বা যারা এলাকা ছেড়ে চলে গিয়েছেন, কেবল তাঁদের নামই বাদ দেওয়া হয়েছে। কিন্তু তৃণমূল এই যুক্তি মানতে নারাজ। সাগরিকার কথায়, “যদি সত্যিই রাজ্যে রোহিঙ্গা ঢুকে থাকে, তবে তালিকা দিন। লুকোচুরি বন্ধ করে জনতার কাছে সত্যিটা বলুন।” নির্বাচনের আগে ভোটার তালিকা নিয়ে এই সংঘাত আগামী দিনে যে আরও তীব্র হবে, সাগরিকার আজকের মন্তব্য তার স্পষ্ট ইঙ্গিত।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy