পশ্চিমবঙ্গে ভোটার তালিকা নিবিড় সংশোধন (SIR) ঘিরে চরমে উঠল রাজনৈতিক চাপানউতোর। রাজ্য রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ মতুয়া সম্প্রদায়ের নাগরিকত্ব ইস্যু নিয়ে এবার সরাসরি বিজেপিকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। মতুয়া ধর্মগুরু ‘বড়মা’ বীণাপানি দেবীর তিরোধান দিবসে সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক বার্তায় তিনি অভিযোগ করেন, নাগরিকত্বের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে মানুষকে বিভ্রান্ত ও অনিশ্চয়তার মধ্যে ঠেলে দিচ্ছে কেন্দ্র।
মুখ্যমন্ত্রী সাফ জানিয়েছেন, “মতুয়ারা এ দেশেরই নাগরিক। নতুন করে নাগরিকত্ব দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে আসলে তাঁদের অধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত চলছে। এই অন্যায় মানব না।” সম্প্রতি প্রকাশিত SIR তালিকায় দেখা গিয়েছে, বনগাঁ, রানাঘাট, নদিয়া ও বসিরহাটের মতো মতুয়া অধ্যুষিত এলাকায় বহু মানুষের নাম ‘বিচারাধীন’ বা ‘Under Consideration’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর ফলে ভোট দেওয়ার অধিকার নিয়ে তৈরি হয়েছে চরম সংশয়।
সিএএ (CAA) বা নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে বিজেপি যেখানে নাগরিকত্বের স্বপ্ন দেখাচ্ছে, সেখানে তৃণমূলের দাবি—মতুয়ারা আগে থেকেই ভারতের নাগরিক এবং তাঁদের সব নথিপত্র রয়েছে। নির্বাচন যত এগিয়ে আসছে, বনগাঁ ও সংলগ্ন অঞ্চলের মতুয়া সমাজে ততই বাড়ছে উদ্বেগ। নাগরিকত্বের শংসাপত্র আদৌ মিলবে কি না, আর পেলেও ভোটের আগে সেই প্রক্রিয়া শেষ হবে কি না—এই হাজারো প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে মতুয়াদের মনে।