২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গের ভোটার তালিকা নিয়ে বড়সড় তথ্য দিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO)। বিশেষ নিবিড় সংশোধনী (SIR) শেষে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হলেও, প্রায় ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জন আবেদনকারীর ভাগ্য এখনও ঝুলে রয়েছে। এই বিশাল সংখ্যক নাম বর্তমানে ‘আন্ডার অ্যাডজুডিকেশন’ (Under Adjudication) বা বিচারধীন অবস্থায় রাখা হয়েছে।
সিইও মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ১ মার্চ চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়েছে। বর্তমানে রাজ্যে মোট ভোটারের সংখ্যা ৬ কোটি ৪৪ লক্ষ ৫২ হাজার ৬০৯। তবে যে ৬০ লক্ষ নাম নিয়ে প্রশ্ন রয়েছে বা যে আবেদনগুলো এখনও চূড়ান্ত হয়নি, সেগুলি বিচার বিভাগীয় আধিকারিকদের স্ক্রুটিনির অপেক্ষায় রয়েছে। এই নামগুলি অনুমোদিত হলে পরে ‘সাপ্লিমেন্টারি লিস্ট’-এর মাধ্যমে যোগ করা হবে।
ইতিমধ্যেই তালিকায় প্রায় ৬৩ লক্ষ ৬৬ হাজার নাম বাদ পড়েছে, যা নিয়ে রাজনৈতিক মহলে বিতর্ক তুঙ্গে। সিইও স্পষ্ট করেছেন যে, যদি কোনও ভোটারের নাম ভুলবশত বাদ পড়ে থাকে, তবে আগামী ১৫ দিনের মধ্যে দাবি ও আপত্তি (Claims and Objections) জানানোর সুযোগ রয়েছে। ভোটাররা কমিশনের ওয়েবসাইট বা ‘ECINET’ অ্যাপের মাধ্যমে নিজেদের নাম যাচাই করে নিতে পারবেন।