পশ্চিমবঙ্গের ভোটারদের জন্য সবথেকে বড় ব্রেকিং নিউজ। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ সোমবার (২৩ মার্চ, ২০২৬) রাতেই প্রকাশিত হতে চলেছে স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা SIR-এর সাপ্লিমেন্টারি (অতিরিক্ত) ভোটার তালিকা। নির্বাচন কমিশন সূত্রে খবর, আজ রাত ৮টা থেকে ৯টার মধ্যে কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে এই তালিকা আপলোড করা হবে। যে সমস্ত ভোটারের নাম গত ২৮ ফেব্রুয়ারির চূড়ান্ত তালিকায় ‘বিবেচনাধীন’ (Under Adjudication) ছিল, তাঁদের ভাগ্য নির্ধারিত হতে চলেছে আজ রাতেই।
নির্বাচন কমিশনের এক পদস্থ আধিকারিক জানিয়েছেন, আজ সন্ধ্যার মধ্যে সমস্ত জেলা নির্বাচনী আধিকারিকদের (DEO) কাছে এই অতিরিক্ত তালিকা পাঠিয়ে দেওয়া হচ্ছে। ডিজিটাল পদ্ধতিতে ওয়েবসাইটের পাশাপাশি আগামীকাল মঙ্গলবার সকাল থেকেই প্রতিটি বুথে এবং বিডিও (BDO) অফিসে এই তালিকা টাঙিয়ে দেওয়া হবে। ২৩ এপ্রিল রাজ্যে প্রথম দফার ভোট। তার ঠিক এক মাস আগে এই তালিকা প্রকাশ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
যাঁদের নথিপত্র স্ক্রুটিনির পর সঠিক পাওয়া গিয়েছে, কেবল তাঁদের নামই এই সাপ্লিমেন্টারি লিস্টে অন্তর্ভুক্ত করা হয়েছে। কমিশন স্পষ্ট জানিয়েছে, আজ রাতের পর যদি কেউ দেখেন তাঁর নাম এই তালিকাতেও নেই, তবে তাঁদের জন্য ১৯টি বিশেষ ট্রাইব্যুনাল খোলা হয়েছে। সেখানে তাঁরা দ্রুত আপিল করতে পারবেন। ভোটাররা আজ রাত ৮টার পর ceowestbengal.wb.gov.in ওয়েবসাইট বা ECINET অ্যাপের মাধ্যমে নিজের নাম চেক করে নিতে পারবেন।