ভোটমুখী বাংলায় রণক্ষেত্র জগৎবল্লভপুর! খোদ তৃণমূল নেতার সামনেই আক্রান্ত সহকর্মী, ভাঙল পার্টি অফিস

ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগেই উত্তপ্ত হয়ে উঠল হাওড়ার জগৎবল্লভপুর। রবিবারের ছুটির মেজাজে জল ঢেলে ফের প্রকাশ্যে এল শাসকদলের অভ্যন্তরীণ কোন্দল। জগৎবল্লভপুরের চকশাহাদাতে একটি অনুষ্ঠান চলাকালীন তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। ঘটনায় এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

স্থানীয় সূত্রের খবর, জগৎবল্লভপুর পঞ্চায়েত সমিতির তৃণমূল সভাপতি রঞ্জন কুণ্ডুর অনুগামীদের বিরুদ্ধেই হামলার অভিযোগ উঠেছে। অভিযোগ, রঞ্জন কুণ্ডুর উপস্থিতিতেই তৃণমূলের সংখ্যালঘু সেলের সভাপতি শহিদুল মিদ্দের ওপর চড়াও হয় তাঁর অনুগামীরা। আশঙ্কাজনক অবস্থায় শহিদুলকে উদ্ধার করে জগৎবল্লভপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পরেই উত্তেজিত জনতা স্থানীয় তৃণমূল কার্যালয়ে ব্যাপক ভাঙচুর চালায়। ছিঁড়ে ফেলা হয় দলের ব্যানার ও ফেস্টুন।

জগৎবল্লভপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সরাসরি রঞ্জন কুণ্ডুর বিরুদ্ধে অশান্তিতে উস্কানি দেওয়ার অভিযোগ তুলেছেন। পরিস্থিতি এতটাই হাতের বাইরে চলে যায় যে, বিশাল পুলিশ বাহিনীর সঙ্গে র‍্যাফ (RAF) নামাতে হয়। যদিও গোষ্ঠীদ্বন্দ্বের তত্ত্ব উড়িয়ে দিয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। তবে ভোটমুখী রাজ্যে এই ঘটনা ফের একবার দলের অস্বস্তি বাড়াল।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy