“ভোটবাক্সে নেই তালা, নেই কোনো সিল”-উন্মুক্ত ব্যালট বক্স নিয়ে বিজেপি-তৃণমূল চরম সংঘাত

ভোটের মুখে তপ্ত দক্ষিণ দিনাজপুর! বৃহস্পতিবার বালুরঘাটের ললিত মোহন আদর্শ উচ্চবিদ্যালয়ে পোস্টাল ব্যালটে ভোট গ্রহণকে কেন্দ্র করে তৈরি হলো চরম বিশৃঙ্খলা। নির্বাচন কমিশনের নিরপেক্ষতাকে কাঠগড়ায় তুলে নজিরবিহীন বিক্ষোভে ফেটে পড়লেন ভোটার ও ভোটকর্মীদের একাংশ। অভিযোগ মারাত্মক— ভোটবাক্সে ছিল না কোনো তালা, ছিল না সিল বা গালার চিহ্ন! এই খোলা বাক্সেই অবাধে ব্যালট জমা নেওয়া হচ্ছিল বলে অভিযোগ তুলে সরব হন কর্তব্যরত কর্মীরাই।

শুধু ব্যালট বক্স নয়, প্রশ্নের মুখে বুথের গোপনীয়তাও। অভিযোগ, বুথের ভিতরে অবাধে মোবাইল ফোন ব্যবহার করা হচ্ছিল এবং কে কাকে ভোট দিচ্ছেন তা জনসমক্ষে চলে আসছিল। মুহূর্তের মধ্যেই রণক্ষেত্রের চেহারা নেয় স্কুল চত্বর। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে ছুটে আসেন ভোট পর্যবেক্ষক, বালুরঘাট থানার আইসি সুমন্ত বিশ্বাস এবং ডিএসপি বিক্রম প্রসাদসহ বিশাল কেন্দ্রীয় বাহিনী।

ঘটনার খবর পেয়েই স্কুলে হাজির হন বিজেপি প্রার্থী বিদ্যুৎকুমার রায়। তাঁর দাবি, “তৃণমূল গায়ের জোরে বুথ দখল করে ভোট প্রভাবিত করছে।” পাল্টা প্রতিরোধ গড়ে তোলেন তৃণমূলের শহর সহ-সভাপতি সুরজিৎ সাহা। তৃণমূলের পাল্টা অভিযোগ, বিজেপিই কমিশনকে ব্যবহার করে প্রহসন করছে। শেষমেশ পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী স্কুল চত্বর থেকে বহিরাগতদের বের করে দিলে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং পুনরায় ভোটগ্রহণ শুরু হয়। তবে এই ঘটনা বালুরঘাটের রাজনৈতিক পারদকে কয়েক গুণ বাড়িয়ে দিল।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy