আজ সোমবার, ১৬ ফেব্রুয়ারি থেকে দিল্লির প্রগতি ময়দানের ভারত মণ্ডপমে শুরু হচ্ছে চার দিনব্যাপী বর্ণাঢ্য ‘AI Summit 2026’। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ এই মেগা সামিটের উদ্বোধন করবেন। এবারের সামিটের থিম রাখা হয়েছে ‘সর্বজন হিতায়, সর্বজন সুখায়’। এই অনুষ্ঠানের মাধ্যমে বিশ্বমঞ্চে ভারত তার প্রযুক্তিগত শক্তি ও বিজ্ঞানের জয়যাত্রা প্রদর্শনের এক অনন্য সুযোগ পাচ্ছে।
এই সামিট ঘিরে দিল্লিতে কার্যত বিশ্বের তাবড় রাষ্ট্রনেতা ও টেক জায়ান্টদের মেলা বসেছে। তালিকায় রয়েছেন ফ্রান্সের রাষ্ট্রপতি এমানুয়েল ম্যাক্রোঁ, ব্রাজিলের রাষ্ট্রপতি লুলা ডা সিলভা এবং শ্রীলঙ্কার রাষ্ট্রপতি অনুরা কুমারা দিশানায়াকাসহ প্রায় ২০টি দেশের রাষ্ট্রপ্রধান। এছাড়াও বিশ্বের ৩০টির বেশি দেশ থেকে প্রতিনিধিরা যোগ দিচ্ছেন। উদ্বোধনের আগে প্রধানমন্ত্রী মোদী এক্স হ্যান্ডেলে জানান, এই ইভেন্ট দেশের যুবসমাজের অসীম ক্ষমতা এবং বিজ্ঞানে ভারতের দ্রুতগতির অগ্রগতির প্রতিফলন।
প্রযুক্তি জগতের সেরা মস্তিষ্কগুলোও এখন দিল্লিতে। গুগল ও অ্যালফাবেট সিইও সুন্দর পিচাই, ওপেন এআই-এর স্যাম অল্টম্যান, মাইক্রোসফটের প্রেসিডেন্ট ব্র্যাড স্মিথ এবং অ্যান্থ্রোপিক-এর ডারিও আমোদেই-এর মতো বিশ্বখ্যাত ব্যক্তিত্বরা এই চার দিনে কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যৎ নিয়ে আলোচনা করবেন। অটোমেশন থেকে ডিপ রিসার্চ—AI-এর বহুমুখী ব্যবহারকে সাধারণ মানুষের কল্যাণে কীভাবে লাগানো যায়, সেটাই হবে এই সামিটের মূল লক্ষ্য।