ভয়াবহ কাণ্ড পাঞ্জাবে! চলন্ত গরিব রথ এক্সপ্রেসে দাউ দাউ আগুন, সিরহিন্দ স্টেশনের কাছে তীব্র আতঙ্ক

শনিবার সাতসকালে বড়সড় দুর্ঘটনার মুখোমুখি হলো অমৃতসর-সাহারসা গরিব রথ এক্সপ্রেসের (Amritsar–Saharsa Garib Rath Express) যাত্রীরা। পাঞ্জাবের সিরহিন্দ স্টেশনের (Sirhind Station) কাছে ট্রেনের কয়েকটি কামরায় আগুন লেগে যায়।

জানা গিয়েছে, সকালের দিকে ট্রেনের ১৯ নম্বর কোচটি দাউদাউ করে জ্বলতে শুরু করে এবং চারদিকে কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে। পরিস্থিতি আন্দাজ করে ট্রেনের চালক দ্রুত ইমার্জেন্সি ব্রেক কষে ট্রেন থামিয়ে দেন।

আতঙ্কে হুড়োহুড়ি, আহত যাত্রী:

আগুন লাগার ঘটনায় যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাণ বাঁচাতে মালপত্র নিয়ে হুড়মুড়িয়ে ট্রেন থেকে নামতে শুরু করেন তাঁরা। এই বিশৃঙ্খলার ফলে বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন বলে খবর মিলেছে। তবে রেল সূত্রের দাবি, বাকি যাত্রীরা নিরাপদে রয়েছেন। একজন মহিলা যাত্রী সামান্য দগ্ধ হয়েছেন বলে জানা গেছে।

ক্ষতিগ্রস্ত ৩টি কোচ, শর্ট সার্কিটের অনুমান:

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও দমকল বাহিনী। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় আগুন নেভানোর কাজ। এক ঘণ্টার মধ্যেই আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। সিরহিন্দ জিআরপি-র এসএইচও রতন লাল জানিয়েছেন, আগুনে মোট তিনটি কোচ ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিক তদন্তে অনুমান, শর্ট সার্কিটের কারণেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

যাত্রীরা জানিয়েছেন, চরম আতঙ্কের মুহূর্ত কাটাতে হয়েছে তাঁদের। ট্রেনের আগুন নেভানোর পর সংশ্লিষ্ট রুটে বেশ কিছুক্ষণ ট্রেন চলাচল বিপর্যস্ত হয়। তবে কীভাবে শর্ট সার্কিটের ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে বলে রেলের তরফে জানানো হয়েছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy