আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তপ্ত কোচবিহার জেলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে তৎপর কেন্দ্রীয় বাহিনী। বৃহস্পতিবার উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহের বিধানসভা কেন্দ্র দিনহাটা-২ ব্লকের নিগমনগর এলাকায় দেখা গেল কেন্দ্রীয় বাহিনীর এক নতুন রূপ। এদিন এলাকা ডমিনেশনের পাশাপাশি জওয়ানদের দেখা গেল স্থানীয় বাসিন্দাদের সঙ্গে হাসিমুখে কথা বলতে এবং নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগের বার্তা দিতে।
সাধারণ ভোটারদের জওয়ানরা বার্তা দিয়েছেন, “বিনা ডরে ভোট দিয়ে ভালো নেতা বাছাই করুন।” কেন্দ্রীয় বাহিনীর এই মানবিক ও বন্ধুত্বপূর্ণ আচরণে স্থানীয় বাসিন্দারা খানিকটা অবাকই হয়েছেন। তাঁদের কথায়, এতদিন বাহিনীর কঠোর রূপ দেখেই অভ্যস্ত ছিলেন তাঁরা, কিন্তু এবার জওয়ানদের এই পাশে থাকার আশ্বাস ও সৌজন্যবোধ তাঁদের আত্মবিশ্বাস বাড়াচ্ছে।
যদিও এই ঘটনা নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। তৃণমূলের কোচবিহার জেলা চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মনের মতে, “টহল দিচ্ছে দিক, কিন্তু মানুষকে ভয় দেখানো চলবে না।” অন্যদিকে, বিজেপির কোচবিহার জেলা সহ-সভাপতি বিরাজ বোসের দাবি, “মানুষ যেন নির্ভয়ে ভোট দিতে পারেন, সেই ভরসাই দিচ্ছেন জওয়ানরা।”
উল্লেখ্য, গত কয়েকবারের নির্বাচনে রাজনৈতিক সংঘর্ষে কোচবিহার জেলা অন্যতম সংবেদনশীল এলাকা হিসেবে চিহ্নিত হয়েছে। এবারে ভোটের দিনক্ষণ ঘোষণার আগেই ৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দিনহাটা মহকুমায় মোতায়েন করা হয়েছে। আগামী দিনে স্পর্শকাতর এলাকাগুলোতে আরও জোরদার রুট মার্চ ও ফ্ল্যাগ মার্চ করা হবে বলে প্রশাসন সূত্রে জানানো হয়েছে। মানুষের মধ্যে নিরাপত্তাবোধ তৈরি করে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন করাই এখন কমিশনের মূল লক্ষ্য।