ভবানীপুরে অপ্রতিরোধ্য ‘দিদি’! ২৭ লক্ষ নাম বাদ যাওয়া নিয়ে হুঙ্কার দিয়ে মনোনয়ন জমা মমতার

ছাব্বিশের বিধানসভা নির্বাচনে হাইভোল্টেজ ভবানীপুর কেন্দ্রের প্রার্থী হিসেবে বুধবার মনোনয়নপত্র জমা দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সকালে কালীঘাটের বাড়ি থেকে বেরিয়ে পায়ে হেঁটে আলিপুরের সার্ভে বিল্ডিং পর্যন্ত পৌঁছান তিনি। তাঁর সঙ্গী হয়েছিল এক বর্ণাঢ্য মিছিল, যেখানে উপস্থিত ছিলেন ফিরহাদ হাকিম, কাজরী বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপ বক্সীর মতো নেতৃত্বরা। ভবানীপুরের ঘরের মেয়ের জন্য এবার দলের স্লোগান— ‘উন্নয়ন আজ ঘরে ঘরে, ঘরের মেয়ে ভবানীপুরে’।

মনোনয়ন জমা দিয়ে বেরিয়েই ভোটার তালিকা থেকে ২৭ লক্ষ মানুষের নাম বাদ যাওয়া নিয়ে সরব হন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “আপনাদের আশীর্বাদে আমি নমিনেশন ফাইল করলাম। সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী যাদের নাম অ্যাডজুডিকেশনে আছে, তাদেরও ভোটাধিকার থাকা উচিত। এই ২৭ লক্ষ মানুষের অধিকার ফেরাতে আমরা প্রয়োজনে আবার আইনি লড়াই লড়ব।” আত্মবিশ্বাসের সুরে তিনি আরও জানান, ২৯৪টি আসনেই বাংলার মানুষ তৃণমূলকে ভোট দেবে এবং জয়ী হয়ে তাঁরাই আবার সরকার গড়বেন। গত তিনবারের জয়ী প্রার্থী মমতার জনপ্রিয়তা এই কেন্দ্রে বরাবরই প্রশ্নাতীত, যা আজকের জনজোয়ারে ফের প্রমাণিত।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy