আধুনিক ক্রিকেটের সঙ্গে তাল মেলাতে বাইশ গজের নিয়মে আমূল পরিবর্তন আনল ক্রিকেটের অভিভাবক সংস্থা মেরিলিবোন ক্রিকেট ক্লাব (MCC)। ২০২২ সালের পর ফের একগুচ্ছ সংস্কারের ঘোষণা করেছে তারা। ছোট-বড় মিলিয়ে মোট ৭৩টি নিয়মে বদল আনা হয়েছে, যার মধ্যে বেশ কিছু নিয়ম চলতি বছরের ১ অক্টোবর থেকে আন্তর্জাতিক ক্রিকেটে কার্যকর হবে।
নয়া নিয়মের মধ্যে সবথেকে উল্লেখযোগ্য হলো ল্যামিনেটেড বা টাইপ-ডি ব্যাটের ব্যবহার। এতদিন এই ব্যাটের অনুমতি শুধু জুনিয়র ক্রিকেটে থাকলেও, এবার থেকে আন্তর্জাতিক ও ঘরোয়া বড়দের ক্রিকেটেও তা বৈধ হতে চলেছে। এছাড়া মাল্টি-ডে বা টেস্ট ক্রিকেটের ক্ষেত্রে বড় পরিবর্তন আনা হয়েছে। এতদিন দিনের শেষ ওভারের মাঝে উইকেট পড়লে খেলা শেষ করে দেওয়া হতো, কিন্তু এখন থেকে উইকেট পড়লেও দিনের অন্তিম ওভারটি সম্পূর্ণ করা বাধ্যতামূলক।
শাস্তির বিধানও কঠোর করেছে এমসিসি। কোনো ব্যাটার যদি ইচ্ছাকৃতভাবে ‘শর্ট রান’ নেন, তবে প্রতিপক্ষ দল ৫ রান পেনাল্টি হিসেবে পাওয়ার পাশাপাশি পরবর্তী বলটি কোন ব্যাটার খেলবেন, তা নির্ধারণ করার সুযোগ পাবে। বাউন্ডারি লাইনে ‘বানি হপ’ ক্যাচ ধরার ক্ষেত্রেও বিধিনিষেধ বেড়েছে। এখন থেকে বাউন্ডারি লাইনের বাইরে শূন্যে লাফিয়ে একবারই বল স্পর্শ করা যাবে, দ্বিতীয়বার স্পর্শ করার আগে ফিল্ডারকে অবশ্যই বাউন্ডারির ভেতরে থাকতে হবে। এছাড়া ডেড-বল এবং উইকেটকিপারের গ্লাভস পজিশন নিয়েও বেশ কিছু শিথিলতা ও স্বচ্ছতা আনা হয়েছে নয়া নীতিতে।