ভবিষ্যতের সুরক্ষায় আমরা ব্যাঙ্কে টাকা জমাই। কিন্তু অনেক সময় অসাবধানবশত বা সময়ের অভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ‘নমিনি’ বা উত্তরাধিকারীর নাম নথিভুক্ত করা হয় না। যদি কোনো গ্রাহকের হঠাৎ মৃত্যু হয় এবং তাঁর অ্যাকাউন্টে কোনো নমিনি না থাকে, তবে সেই টাকা উদ্ধার করা কি সম্ভব? এই প্রশ্ন অনেকের মনেই ঘোরে। উত্তর হলো—হ্যাঁ, সম্ভব, তবে তার জন্য একটি নির্দিষ্ট আইনি পদ্ধতি অনুসরণ করতে হয়।
ব্যাঙ্কিং নিয়ম অনুযায়ী, যদি কোনো অ্যাকাউন্টে নমিনি না থাকে, তবে মৃত ব্যক্তির সন্তান বা আইনি উত্তরাধিকারীরা সরাসরি সেই টাকার দাবি করতে পারেন না। এই পরিস্থিতিতে ব্যাঙ্ক সাধারণত সাকসেশন সার্টিফিকেট (Succession Certificate) বা উত্তরাধিকার শংসাপত্র দাবি করে। এটি একটি আইনি নথি যা প্রমাণ করে যে আবেদনকারী ব্যক্তিই মৃত গ্রাহকের সম্পত্তির প্রকৃত উত্তরাধিকারী। এই শংসাপত্রটি সংগ্রহ করতে হয় স্থানীয় সিভিল কোর্ট বা দেওয়ানি আদালত থেকে। আদালত সমস্ত তথ্য যাচাই করে এবং কোনো আপত্তি না থাকলে এই সার্টিফিকেট প্রদান করে। একবার এই শংসাপত্র হাতে পেলে, ব্যাঙ্কের যাবতীয় আইনি জটিলতা নিমেষেই মিটে যায় এবং উত্তরাধিকারীরা সহজেই অ্যাকাউন্টে থাকা টাকা ফেরত পান। তবে হয়রানি এড়াতে সবসময় ব্যাঙ্ক অ্যাকাউন্টে নমিনি আপডেট রাখা বুদ্ধিমত্তার কাজ।