পয়লা বৈশাখের উৎসব মিটতে না মিটতেই বঙ্গে কি নির্বাচনী দামামা বাজতে চলেছে? রাজ্য রাজনীতিতে জল্পনা উসকে দিয়ে এমনই এক বিস্ফোরক দাবি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সাধারণত ভোটের দিনক্ষণ ঘোষণা করে নির্বাচন কমিশন, কিন্তু এবার কমিশনকে ছাপিয়ে শুভেন্দু নিজেই তৃণমূল কংগ্রেসকে লক্ষ্য করে সময় বেঁধে দিয়েছেন। তাঁর দাবি, বৈশাখ মাসের শুরুতেই রাজ্যে বড় মাপের রাজনৈতিক পরিবর্তন আসতে চলেছে এবং ভোট আসন্ন।
শুভেন্দু অধিকারী এদিন সরাসরি শাসকদলকে আক্রমণ করে বলেন, “পয়লা বৈশাখটা ভালো করে কাটিয়ে নিন, তারপরই আসল খেলা শুরু হবে। আমি সময় বেঁধে দিচ্ছি, মানুষ তৈরি থাকুন।” তাঁর এই মন্তব্য ঘিরেই শুরু হয়েছে বিতর্ক। তৃণমূলের পক্ষ থেকে পালটা তোপ দেগে বলা হয়েছে, শুভেন্দু কি এখন নির্বাচন কমিশনার হয়ে গিয়েছেন? নাকি কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করে তিনি আদালত বা কমিশনকে নিয়ন্ত্রণ করতে চাইছেন? যদিও শুভেন্দু নিজের অবস্থানে অনড়। রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, আসন্ন উপনির্বাচন বা স্থানীয় কোনো নির্বাচনের প্রেক্ষিতেই শুভেন্দু এই ‘ডেডলাইন’ দিয়েছেন। তবে তাঁর এই রণংদেহী মেজাজ বৈশাখী রোদের মতোই উত্তপ্ত করে তুলেছে বাংলার রাজনীতিকে।