বেলডাঙা কাণ্ডে সুপ্রিম কোর্টের পর এবার হাইকোর্টেও ধাক্কা রাজ্যের! খারিজ হয়ে গেল মমতা সরকারের আবেদন

মুর্শিদাবাদের বেলডাঙার হিংসার ঘটনায় রাজ্য সরকারের অস্বস্তি আরও বাড়ল। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চ রাজ্য সরকারের করা একটি গুরুত্বপূর্ণ আবেদন খারিজ করে দিয়েছে। বেলডাঙার ঘটনায় ধৃতদের কেস ডায়েরি এবং নথিপত্র জাতীয় তদন্তকারী সংস্থা বা এনআইএ (NIA)-এর হাতে তুলে দেওয়ার নির্দেশ দিয়েছিল নিম্ন আদালত। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়েই প্রধান বিচারপতির দ্বারস্থ হয়েছিল রাজ্য। কিন্তু আদালত এদিন স্পষ্ট জানিয়ে দিয়েছে, নিম্ন আদালতের নির্দেশই বহাল থাকবে।

উল্লেখ্য, গত ১৬ ও ১৭ জানুয়ারি পরিযায়ী শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে বেলডাঙায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছিল। রেল ও জাতীয় সড়ক অবরোধ থেকে শুরু করে পুলিশি নিগ্রহের অভিযোগও ওঠে। এই ঘটনায় কেন্দ্র এনআইএ তদন্তের নির্দেশ দিলে রাজ্য তার তীব্র বিরোধিতা করে সুপ্রিম কোর্ট পর্যন্ত যায়। কিন্তু সুপ্রিম কোর্টও গত সপ্তাহে এই মামলায় হস্তক্ষেপ করতে অস্বীকার করে মামলাটি পুনরায় হাইকোর্টে পাঠিয়ে দেয়। হাইকোর্টের আজকের এই নির্দেশের ফলে এখন রাজ্য পুলিশকে সমস্ত নথি এনআইএ-র হাতে তুলে দিতেই হবে। অন্যদিকে, ধৃত ৩১ জন অভিযুক্তকে আজই কলকাতার এনআইএ আদালতে পেশ করার নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্য পুলিশের পক্ষ থেকে পর্যাপ্ত এসকর্ট দেওয়া নিয়ে যে টালবাহানা চলছিল, আদালতের কড়া অবস্থানের পর তাও মিটেছে বলে খবর।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy