রাজ্য বিধানসভা নির্বাচনের আগে বেকার যুবক-যুবতীদের জন্য বড় উপহার দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নতুন ‘যুবসাথী’ প্রকল্পের মাধ্যমে এখন থেকে রাজ্যের যোগ্য বেকাররা প্রতি মাসে ১,৫০০ টাকা করে আর্থিক সহায়তা পাবেন। এই প্রকল্পের সুবিধা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যাবে। সবচেয়ে বড় খবর হলো, আগামী ১৫ই আগস্টের বদলে ১লা এপ্রিল থেকেই এই ভাতার টাকা দেওয়া শুরু হবে।
আগ্রহী প্রার্থীরা অফলাইনের পাশাপাশি এখন ঘরে বসেই অনলাইনে আবেদন করতে পারবেন। এর জন্য নির্দিষ্ট পোর্টাল https://apas.wb.gov.in চালু করা হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের এই প্রকল্পে আবেদন করতে হলে প্রার্থীকে অবশ্যই রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং বয়স হতে হবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাশ। যারা ইতিমধ্যে যুবশ্রী বা লক্ষ্মীর ভাণ্ডারের মতো অন্য কোনো সরকারি ভাতা পাচ্ছেন, তারা এই প্রকল্পের সুবিধা পাবেন না। তবে ঐক্যশ্রী বা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ প্রাপকরা আবেদন করতে পারবেন।
আবেদন পদ্ধতি:
পোর্টালে গিয়ে ‘Apply Online’ অপশনে মোবাইল নম্বর ও ওটিপি (OTP) দিয়ে ভেরিফিকেশন করতে হবে। এরপর ফর্মটি নির্ভুলভাবে পূরণ করে মাধ্যমিকের অ্যাডমিট, মার্কশিট, আধার কার্ড, ভোটার কার্ড এবং ব্যাঙ্কের পাসবুকের স্ক্যান কপি আপলোড করতে হবে। আবেদনকারীদের বর্তমান কাজের বিবরণে ‘Not Employed’ বা ‘Self Employed’ অপশনটি বেছে নিতে হবে। আগামী ২৬শে ফেব্রুয়ারি পর্যন্ত এই আবেদন প্রক্রিয়া চলবে। সঠিকভাবে ফর্ম জমা দিলে আবেদনকারীরা আগামী পাঁচ বছরের জন্য এই ভাতার সুবিধা পাবেন।