২০২৬-এর বিধানসভা নির্বাচনে বীরভূম জেলাকে ‘অবাধ ও শান্তিপূর্ণ’ রাখাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ জেলা পুলিশের কাছে। আগামী ২৩ এপ্রিল প্রথম দফায় বীরভূমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে চলেছে। আর তার আগে কোমর বেঁধে ময়দানে নামলেন নবনিযুক্ত জেলা পুলিশ সুপার সূর্য প্রতাপ যাদব। বীরভূমের নির্বাচনের ইতিহাসে ছাপ্পা ভোট এবং বুথ দখলের মতো অভিযোগ বারবার উঠে এসেছে, যা এবার কোনোভাবেই বরদাস্ত করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে জেলা প্রশাসন।
নির্বাচন কমিশনের নির্দেশে সম্প্রতি রাজ্যজুড়ে এক বিশাল পুলিশি রদবদল হয়েছে। বীরভূমের দায়িত্ব নিয়েই এসপি সূর্য প্রতাপ যাদব স্পষ্ট করেছেন যে, ভোটাররা যাতে নির্ভয়ে বুথে গিয়ে নিজেদের মতদান করতে পারেন, তা নিশ্চিত করাই তাঁর প্রাথমিক লক্ষ্য। এর জন্য জেলার প্রতিটি স্পর্শকাতর এলাকায় ইতিমধ্যেই কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ শুরু হয়েছে। ভোটারদের আত্মবিশ্বাস বাড়াতে এবং দুষ্কৃতীদের মনে ভয় ধরাতে পুলিশ ও আধা-সেনা যৌথভাবে তল্লাশি অভিযান চালাচ্ছে।
পুলিশ সুপার জানিয়েছেন, বীরভূমের ভৌগোলিক অবস্থান এবং রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনা করে বিশেষ নিরাপত্তা বলয় তৈরি করা হচ্ছে। ভিন রাজ্য বা পাশের জেলা থেকে যাতে কোনো বহিরাগত বীরভূমে প্রবেশ করে অশান্তি ছড়াতে না পারে, তার জন্য সীমানা এলাকাগুলোতে নাকা তল্লাশি জোরদার করা হয়েছে। ছাপ্পা ভোট রুখতে প্রতিটি বুথে সিসিটিভি নজরদারির পাশাপাশি থাকবে কড়া পুলিশি পাহারা। অশান্তির লেশমাত্র দেখলে যে কোনো কড়া পদক্ষেপ নিতে দ্বিধা করবে না পুলিশ। বীরভূমের সাধারণ মানুষের কাছে প্রশাসনের আবেদন— “নির্ভয়ে ভোট দিন, সুরক্ষা দেবে পুলিশ।”