মঙ্গলবার সকালে বিহারের নালন্দায় অবস্থিত ঐতিহাসিক শীতলা মন্দিরে পুজো দিতে গিয়ে ঘটে গেল এক ভয়াবহ বিপর্যয়। মন্দিরে পুণ্যার্থীদের ভিড় আচমকা নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে অন্তত ৮ জনের। পুলিশ ও স্থানীয় প্রশাসন সূত্রে খবর, এই মর্মান্তিক ঘটনায় আরও অন্তত ১২ জন গুরুতর জখম হয়েছেন।
প্রত্যক্ষদর্শীদের দাবি, মঙ্গলবার সকালে মন্দিরে উপচে পড়া ভিড় সামাল দেওয়ার মতো পর্যাপ্ত ব্যবস্থা ছিল না। হুড়োহুড়ির জেরে মুহূর্তের মধ্যে পরিস্থিতি রণক্ষেত্রের আকার নেয়। আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনাস্থলে পুলিশ ও উদ্ধারকারী দল পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। এই ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।





