প্রেমের জন্য মানুষ কী না করতে পারে! তাজমহল গড়া থেকে পাহাড় কাটা— ইতিহাসের পাতায় প্রেমের অনেক নিদর্শন থাকলেও বর্তমান যুগে সমাজমাধ্যমে ভাইরাল এক আধুনিক ‘মজনু’। নিজের প্রেমিকার রাগ ভাঙাতে বা সম্ভবত হারিয়ে যাওয়া সম্পর্ক ফিরে পেতে গাড়ির পিছনে বিশাল এক ব্যানার লাগিয়ে প্রায় ৯৩২ কিলোমিটার পথ পাড়ি দিলেন এক যুবক। সেই ব্যানারে ছিল প্রেমিকার প্রতি আবেগঘন বার্তা এবং তাঁদের কিছু স্মৃতিমাখা ছবি।
জানা গিয়েছে, দীর্ঘ এই যাত্রাপথে তিনি একাধিক জেলা ও রাজ্য পার করেছেন। পথচলতি মানুষ যখনই এই ব্যানার লাগানো গাড়িটি দেখেছেন, তখনই তা মোবাইলে বন্দি করেছেন। যুবকের দাবি, দূরত্ব কেবল সংখ্যামাত্র, যদি মনের টান থাকে। তবে অনেকে একে রোমান্টিক বললেও, রাস্তার নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন কেউ কেউ। শেষ পর্যন্ত তিনি প্রেমিকার মন জয় করতে পারলেন কি না তা জানা না গেলেও, তাঁর এই ‘লং ড্রাইভ’ এখন ইন্টারনেটে সুপারহিট।