ভ্রমণপিপাসু এবং নিয়মিত বিমান যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী ১ এপ্রিল থেকে দেশীয় ও আন্তর্জাতিক— উভয় ক্ষেত্রেই বিমানের টিকিটের দাম এক ধাক্কায় অনেকটা বেড়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। মধ্যপ্রাচ্যে ঘনীভূত হওয়া যুদ্ধের মেঘ এবং তার জেরে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধিই এই মূল্যবৃদ্ধির প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে।
কেন বাড়ছে ভাড়া? কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী রাম মোহন নাইডু জানিয়েছেন, প্রতি মাসের শুরুতে বিমানের জ্বালানি বা এটিএফ (ATF)-এর দাম পুনর্মূল্যায়ন করা হয়। মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তেজনার কারণে জ্বালানি আমদানিতে প্রভাব পড়ছে, যার ফলে ১ এপ্রিল থেকে জ্বালানির দাম বাড়তে পারে। আর জ্বালানির দাম বাড়লে তার সরাসরি প্রভাব পড়বে যাত্রীদের পকেটে।
বিমানের সারচার্জ ও এয়ারলাইন্সগুলোর পদক্ষেপ: ইতিমধ্যেই একাধিক বিমান সংস্থা বাড়তি খরচের বোঝা সামলাতে ‘ফুয়েল সারচার্জ’ (Fuel Surcharge) বসাতে শুরু করেছে। এয়ার ইন্ডিয়া তাদের ডোমেস্টিক ও আন্তর্জাতিক ফ্লাইটে ধাপে ধাপে এই চার্জ বাড়াচ্ছে। পিছিয়ে নেই আকাশা এয়ারও; তারা গত ১৫ মার্চ থেকেই নতুন বুকিংয়ের ওপর অতিরিক্ত চার্জ কার্যকর করার কথা ঘোষণা করেছে। তবে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরি আশ্বাস দিয়েছেন যে, দেশে জ্বালানির পর্যাপ্ত ভাণ্ডার রয়েছে। দাম বাড়লেও পরিষেবায় কোনও ঘাটতি হবে না এবং শোধনাগারগুলি পূর্ণ ক্ষমতায় কাজ করছে। তাই টিকিটের দাম বাড়লেও উড়ান বাতিলের মতো পরিস্থিতি তৈরি হবে না বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।