২০২৬-এর বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসছে রাজ্য সরকারের স্বপ্নের প্রকল্প ‘লক্ষ্মীর ভাণ্ডার’। এবার এই প্রকল্পকে হাতিয়ার করে বিজেপিকে তীব্র আক্রমণ শানালেন কামারহাটি পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বিমল সাহা। তাঁর দাবি, “বিজেপি যদি কোনোভাবে ক্ষমতায় আসে, তবে তারা প্রথমেই লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবে।”
শনিবার নিজের এলাকায় মহিলাদের হাতে লক্ষ্মীর ঘট বিলি করার সময় এই মন্তব্য করেন বিমল বাবু। তিনি বলেন, “গরিব মানুষের কাছে এই টাকা অনেক বড় পাওনা। আপনারা টাকা জমান, কিন্তু ভুল করেও বিজেপিকে ভোট দেবেন না। ওরা সর্বনাশের দল।” এই মন্তব্যের পরই কড়া প্রতিক্রিয়া দিয়েছে বিজেপি। বিজেপি নেতা জয় সাহার পাল্টা দাবি, “লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে নাটক না করে রাজ্যের নারীদের বা ‘লক্ষ্মী’দের সুরক্ষার কথা ভাবুন। ভোট কেনার চেষ্টা না করে তাদের উজ্জ্বল ভবিষ্যতের কথা চিন্তা করুন।”
উল্লেখ্য, অন্তর্বর্তী বাজেটে রাজ্য সরকার লক্ষ্মীর ভাণ্ডারের বরাদ্দ একধাক্কায় অনেকটা বাড়িয়েছে। বর্তমানে সাধারণ মহিলারা মাসে ১৫০০ টাকা এবং তফশিলি জাতি-জনজাতির মহিলারা মাসে ১৭০০ টাকা করে পাচ্ছেন। ২০২১-এর নির্বাচনে এই প্রকল্প তৃণমূলকে বড় ডিভিডেন্ড দিয়েছিল। ২০২৬-এর আগে ফের সেই একই অস্ত্রেই শান দিচ্ছে ঘাসফুল শিবির, আর তাকে রুখতে ‘নারীর নিরাপত্তা’কেই ঢাল করছে বিজেপি।