রাজ্যের ভোটার তালিকা সংশোধন বা এসআইআর (SIR) প্রক্রিয়া নিয়ে নজিরবিহীন সংঘাতের আবহ তৈরি হয়েছে। বিজেপি নেতা শমীক ভট্টাচার্যের দাবি, ভারতের অন্য ১১টি রাজ্যে নির্বিঘ্নে এই প্রক্রিয়া শেষ হলেও পশ্চিমবঙ্গে চলছে চরম অরাজকতা। তিনি অভিযোগ করেন, এরাজ্যে প্রশাসন এতটাই রাজনৈতিক হয়ে পড়েছে যে সুপ্রিম কোর্টকেও ভিনরাজ্যের বিচারপতির সাহায্য নিতে হচ্ছে। শমীকের কথায়, “বিচারপতিরা নিরাপত্তা চাইছেন, এর চেয়ে বড় লজ্জা আর কী হতে পারে? এরাজ্যে জুডিশিয়ারি আজ হুমকির মুখে।”
আমলাদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, রাজ্যের মুখ্যসচিব বিভিন্ন জায়গায় ঘুরে মনোবল বাড়াচ্ছেন যে সরকার পরিবর্তন হবে না—যা কোনো উচ্চপদস্থ আমলার থেকে কাম্য নয়। তাঁর দাবি, বিডিও-এসডিওদের ওপর ডিএম-রা চাপ সৃষ্টি করছেন এবং বিজেপির বিএলএ-২ দের নাম ব্যবহার করে ভুয়ো ফর্ম জমা দেওয়া হচ্ছে। শমীক ভট্টাচার্যের সাফ বার্তা, “নো এসআইআর, নো ভোট!” ত্রুটিমুক্ত ভোটার তালিকা উপহার দেওয়া এবং ভয়মুক্ত পরিবেশ নিশ্চিত করার দায়িত্ব এখন সম্পূর্ণ নির্বাচন কমিশনের। পাশাপাশি সংখ্যালঘুদের উদ্দেশ্যে তাঁর আবেদন, “তৃণমূলের উস্কানিতে পা দেবেন না, গুজরাটের মুসলিমদের সাথে নিজেদের অবস্থার তফাৎ দেখুন।”