ভোটের নির্ঘণ্ট ঘোষণা হতেই ফের অগ্নিগর্ভ নন্দীগ্রাম। রবিবার বিকেলে নন্দীগ্রাম ২ নম্বর ব্লকের বয়াল ১ নম্বর পঞ্চায়েত এলাকা কার্যত রণক্ষেত্রের চেহারা নেয়। সৌজন্যে— বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মেগা মিছিল এবং তাকে কেন্দ্র করে তৃণমূল-বিজেপি কর্মীদের হাতাহাতি। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, শুভেন্দু অধিকারী মেজাজ হারিয়ে সরাসরি তৃণমূলকে ‘গ্যারেজ’ করে দেওয়ার হুঁশিয়ারি দেন।
ঘটনার সূত্রপাত হয় বয়াল এলাকায় তৃণমূল প্রার্থী পবিত্র করের বাড়ির সামনে দিয়ে শুভেন্দুর মিছিল যাওয়ার সময়। অভিযোগ, মিছিল থেকে বিজেপি কর্মীরা ‘চোর চোর’ স্লোগান দিতে শুরু করেন এবং প্রার্থীর বাড়ির সামনে দাঁড়িয়ে উদ্দাম নাচেন। এমনকি শুভেন্দু অধিকারীকে নিজে হাতে খোল বাজাতেও দেখা যায়। পাল্টা প্রতিরোধ গড়ে তোলে তৃণমূল শিবিরও। দু-পক্ষের মধ্যে শুরু হয় ব্যাপক বচসা ও ধাক্কাধাক্কি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে লাঠি উঁচিয়ে তাড়া করতে হয়।
এই উত্তপ্ত পরিস্থিতির মাঝেই মেজাজ হারান শুভেন্দু। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি গর্জে ওঠেন, “নির্বাচন কমিশনকে বলব এই এলাকায় বাহিনী লাগবে না, এদের গ্যারেজ করে আমি একাই সাফ করে দেব।” তাঁর এই মন্তব্যে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। তৃণমূলের দাবি, হারের ভয়েই শুভেন্দু এখন গুণ্ডামির ভাষা ব্যবহার করছেন। পুলিশের হস্তক্ষেপে আপাতত পরিস্থিতি শান্ত হলেও, নন্দীগ্রামের অন্দরে চাপা উত্তেজনা বজায় রয়েছে। বয়াল এলাকা এখন কার্যত পুলিশি ছাউনিতে পরিণত হয়েছে।