শেয়ার বাজারে ধস নেমেছে, অন্যদিকে ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটেও সুদের হার তলানিতে। এই পরিস্থিতিতে অনেক সাধারণ মানুষই নিজের পরিশ্রমের টাকা ব্যাঙ্কে বা বাজারে না খাটাল আলমারিতে নগদ হিসেবে রাখতেই বেশি নিরাপদ বোধ করছেন। কিন্তু আপনি কি জানেন, বাড়িতে নগদ রাখার ক্ষেত্রেও রয়েছে আয়কর দফতরের কড়া নিয়ম? নিয়ম না জানলে আপনার জমানো অর্থই আপনার জন্য বিপদ ডেকে আনতে পারে।
আয়কর আইন অনুযায়ী, বাড়িতে আপনি যে পরিমাণ ইচ্ছা নগদ টাকা রাখতে পারেন, কিন্তু তার একটি শর্ত রয়েছে। সেই অর্থের উপার্জনের উৎস বা সোর্স আপনাকে স্পষ্টভাবে প্রমাণ করতে হবে। যদি বাড়িতে আয়কর হানা (Income Tax Raid) হয় এবং আপনার কাছে থাকা নগদের সঠিক নথি বা আয়ের হিসেব না থাকে, তবে মোট অর্থের ওপর ১৩৭% পর্যন্ত জরিমানা হতে পারে। এছাড়া ২০,০০০ টাকার বেশি লেনদেন কখনওই নগদে করা উচিত নয় বলে পরামর্শ দেন বিশেষজ্ঞরা। এমনকি ২ লক্ষ টাকার বেশি কেনাকাটা নগদে করলে আপনার প্যান (PAN) এবং আধার (Aadhar) কার্ডের তথ্য প্রদান করা বাধ্যতামূলক।
ব্যাঙ্কিং লেনদেনের ক্ষেত্রেও নিয়ম বেশ কড়া। এক বছরে ব্যাঙ্কে ২০ লক্ষ টাকার বেশি নগদ জমা দিলে তার তথ্য আয়কর দফতরের কাছে যায়। তাই বাড়িতে নগদ টাকা রাখার আগে সেই টাকা আপনার বৈধ আয় কি না এবং তার নথিপত্র আপনার কাছে আছে কি না, তা নিশ্চিত করুন। শেয়ার বাজারের টালমাটাল অবস্থায় নগদ হাতে রাখা ভালো অভ্যাস হলেও, আইনের ফাঁস যেন আপনার সঞ্চয়কে কেড়ে না নেয়, সেদিকে নজর রাখা জরুরি।