বাগডোগরা বিমানবন্দরে গ্রেফতার মিমি নেতা! ভোটার লিস্ট নিয়ে আন্দোলনের জেরে শ্রীঘরে মোফাক্কেরুল

শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দর থেকে গ্রেফতার করা হল অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমীন (AIMIM) নেতা মোফাক্কেরুল ইসলামকে। ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া বা ‘ভোটার ডিলিট’ করার প্রতিবাদে আন্দোলন সংগঠিত করার অভিযোগে তাঁর বিরুদ্ধে এই আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

কমিশন ও প্রশাসনিক সূত্রে খবর, ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া নিয়ে গত কয়েকদিন ধরেই উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় বিক্ষোভ দেখাচ্ছিল ‘মিম’। এই আন্দোলনের অন্যতম প্রধান মুখ ছিলেন মোফাক্কেরুল ইসলাম। অভিযোগ, আন্দোলনের নামে উত্তেজনা ছড়ানো এবং সরকারি কাজে বাধা দেওয়ার মতো ঘটনায় তাঁর যোগসূত্র পাওয়া গিয়েছে। এদিন তিনি বাগডোগরা বিমানবন্দর হয়ে অন্য কোথাও যাওয়ার পরিকল্পনা করছিলেন, তখনই গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ তাঁকে আটক করে এবং পরে গ্রেফতার করা হয়।

রাজ্যে নির্বাচনী আবহে আইনশৃঙ্খলার প্রশ্নে কোনো আপস করতে রাজি নয় প্রশাসন। মিম নেতার এই গ্রেফতারি উত্তরবঙ্গের রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। দলের পক্ষ থেকে এই গ্রেফতারিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করা হলেও, পুলিশ জানিয়েছে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই এই পদক্ষেপ।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy