বিজেপি কি ধর্মীয় আবেগকে পুঁজি করে বাংলায় ভোট বৈতরণী পার হতে চাইছে? এক সাংবাদিকের করা এই প্রশ্নেই যেন বারুদে আগুন পড়ল। পাল্টা মেজাজে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসকে তীব্র ভাষায় আক্রমণ করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। অত্যন্ত কড়া ভাষায় তিনি দাবি করেন, ধর্মের সুড়সুড়ি বিজেপি নয়, বরং স্বয়ং মুখ্যমন্ত্রীই দিচ্ছেন। তোপ দেগে তিনি বলেন, “বাংলার জনগণ এবার তৃণমূলকে মুরগি বানিয়ে ডিম পাড়াবে!”
তৃণমূলকে ‘মুরগি’ বানানোর হুঁশিয়ারি: সুকান্ত মজুমদার এদিন সাফ জানান, তৃণমূলের পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছে। উন্নয়নের নামে সাধারণ মানুষকে ধোঁকা দেওয়া হচ্ছে বলে অভিযোগ তুলে তিনি বলেন, মানুষ এবার এর বিচার করবে। ব্যঙ্গাত্মক সুরে তিনি মন্তব্য করেন যে, তৃণমূল নেতারা ভাবছেন তাঁরা মানুষকে বোকা বানাচ্ছেন, কিন্তু ভোটবাক্সে জনগণই তাঁদের ‘মুরগি’ বানিয়ে উচিত শিক্ষা দেবে।
ধর্মীয় মেরুকরণ নিয়ে পালটা তোপ: বিজেপির বিরুদ্ধে ওঠা ধর্মীয় রাজনীতির অভিযোগ উড়িয়ে দিয়ে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই নির্দিষ্ট একটি ভোটব্যাঙ্ককে খুশি করতে ধর্মীয় আবেগ নিয়ে খেলছেন। আমরা উন্নয়নের রাজনীতি করি, আর উনি বিভাজনের।” বালুরঘাটে নিজের নির্বাচনী কেন্দ্রে দাঁড়িয়ে সুকান্তের এই ‘মুরগি ও ডিম’ তত্ত্ব এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, যা রাজ্য রাজনীতিতে নতুন বিতর্কের জন্ম দিয়েছে।