“বাংলার মাটিতে জানোয়ারদের এন্ট্রি হয়েছে!” মৃতদেহ নিয়ে ‘জান্তব উল্লাস’ দেখে মেজাজ হারালেন এসএফআই নেতা দেবাঞ্জন

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী তথা জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর রাহুল সাউয়ের ওড়িশায় রহস্যমৃত্যুর ঘটনায় এবার সরাসরি ময়দানে নামল এসএফআই (SFI)। এই মৃত্যুর নেপথ্যে গভীর ষড়যন্ত্রের অভিযোগ তুলে পশ্চিমবঙ্গ ও ওড়িশা—উভয় সরকারের কাছে যৌথ বিশেষ তদন্তকারী দল বা ‘সিট’ (SIT) গঠনের দাবি জানিয়েছে বাম ছাত্র সংগঠনটি। রাহুল সাউয়ের মৃত্যুর সঠিক কারণ জানতে এবং দোষীদের শাস্তির দাবিতে মঙ্গলবার কলকাতার রাজপথে এক বিশাল প্রতিবাদ মিছিল বের করা হয়।

প্রতিবাদ সভায় বক্তব্য রাখতে গিয়ে এসএফআই নেতা দেবাঞ্জন দে অত্যন্ত কড়া ভাষায় আক্রমণ শানান। রাহুলের মৃত্যু নিয়ে সোশ্যাল মিডিয়ায় একাংশের কুরুচিকর মন্তব্য ও চরিত্রহননের অপচেষ্টাকে লক্ষ্য করে তিনি বিস্ফোরক মন্তব্য করেন। দেবাঞ্জন বলেন, “পশ্চিমবঙ্গের মাটিতে এমন সব জানোয়ারদের এন্ট্রি দিয়েছে যে, সমস্ত জন্তুরা মৃত ব্যক্তিকে নিয়ে জান্তব উল্লাস করছে।” তাঁর অভিযোগ, সত্য ধামাচাপা দিতে এবং তদন্তের মোড় ঘোরাতেই এক শ্রেণির মানুষ পরিকল্পিতভাবে মৃত ছাত্রের বিরুদ্ধে কুৎসা রটাচ্ছে।

এসএফআইয়ের স্পষ্ট দাবি, যেহেতু ঘটনাটি ভিন রাজ্যে ঘটেছে এবং রাহুল বাংলার ভূমিপুত্র, তাই দুই রাজ্যের পুলিশ প্রশাসনের সমন্বয় ছাড়া প্রকৃত সত্য সামনে আসা অসম্ভব। ওড়িশা পুলিশের তদন্তে একাধিক অসঙ্গতি রয়েছে বলে দাবি করেছেন আন্দোলনকারীরা। রাহুলের পরিবারের পক্ষ থেকেও একে দুর্ঘটনা মানতে অস্বীকার করা হয়েছে। ছাত্রনেতাদের হুঁশিয়ারি, অবিলম্বে যদি নিরপেক্ষ তদন্ত শুরু না হয় এবং রহস্যের খোলসা না করা যায়, তবে আগামী দিনে রাজ্যজুড়ে বৃহত্তর ছাত্র আন্দোলন গড়ে তোলা হবে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy