মঙ্গলবার লোকসভায় বাজেট প্রস্তাবের ওপর বক্তব্য রাখতে গিয়ে মেজাজী মেজাজে ধরা দিলেন তৃণমূলের সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় বাজেটে মধ্যবিত্তের ওপর করের বোঝা এবং বাংলার প্রতি বঞ্চনার অভিযোগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অর্থমন্ত্রী নির্মলা সীতারমণকে সরাসরি নিশানা করেন তিনি।
অভিষেক তাঁর বক্তব্যে স্পষ্ট জানান, কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির কারণেই বাংলা থেকে বিজেপি বারবার প্রত্যাখ্যাত হয়েছে। আসন্ন বিধানসভা নির্বাচনের দিকে ইঙ্গিত করে তিনি হুঙ্কার ছাড়েন— “বাংলায় বিজেপির চতুর্থ হারের সময় আর খুব বেশি দূরে নেই!” আয়কর কাঠামো থেকে জিএসটি—সব ক্ষেত্রেই সাধারণ মানুষের ওপর বাড়তি চাপ তৈরি করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। বিশেষ করে ১০০ দিনের কাজ ও আবাসের টাকা আটকে রাখা নিয়ে কেন্দ্রকে চরম বিঁধেছেন অভিষেক। তাঁর এই ‘ঝোড়ো ইনিংস’ সংসদ চত্বরে যেমন শোরগোল ফেলেছে, তেমনই বাংলার রাজনৈতিক পারদকেও অনেকটা চড়িয়ে দিয়েছে।