বিহারের আরারিয়ায় এক জনসভায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ নিয়ে বড়সড় রাজনৈতিক ভবিষ্যৎবাণী করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি স্পষ্ট জানিয়েছেন, আগামী ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠন করবে। আর ক্ষমতায় আসার পরেই রাজ্যে থাকা সমস্ত অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে দেশছাড়া করার জন্য দেশজুড়ে এক বড় অভিযান চালানো হবে।
শাহের এই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। লোকসভা নির্বাচনের পর থেকেই বিজেপি বাংলায় তাদের হিন্দুত্ববাদী ভোটব্যাঙ্ক ও অনুপ্রবেশ ইস্যুকে ফের চাঙ্গা করতে চাইছে। আরারিয়ার সভা থেকে স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেন, “শুধু বিহার নয়, পশ্চিমবঙ্গ-সহ গোটা দেশ থেকে অনুপ্রবেশকারীদের তাড়াতে বড় অপারেশন শুরু করা হবে। অনুপ্রবেশকারীরাই দেশের নিরাপত্তার বড় অন্তরায়।”
তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করে শাহ আরও বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ভোটব্যাঙ্কের রাজনীতির জন্য অনুপ্রবেশকারীদের প্রশ্রয় দিচ্ছে। কিন্তু বিজেপি ক্ষমতায় এলেই এই ধারা বন্ধ হবে।” রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ২০২৬-এর বিধানসভা নির্বাচনের প্রচারের সুর এই অনুপ্রবেশ ইস্যুতেই বেঁধে দিলেন শাহ। পশ্চিমবঙ্গ ও বিহারের সীমান্তবর্তী এলাকাগুলিতে বসবাসকারী মানুষের আবেগ ছুঁতেই শাহের এই ‘বড় অভিযান’-এর বার্তা বলে মনে করা হচ্ছে।