বসন্তের আগমনী সুরের মাঝেই এবার নিম্নচাপের ভ্রুকুটি। আলিপুর আবহাওয়া দফতরের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন ভারত মহাসাগরের ঘূর্ণাবর্তটি নিম্নচাপে পরিণত হয়েছে। বর্তমানে এটি মধ্য দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করলেও শক্তিশালী হয়ে উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে। তবে বাংলার মানুষের জন্য স্বস্তির খবর হলো, এই নিম্নচাপের সরাসরি কোনো প্রভাব এরাজ্যে পড়ার সম্ভাবনা নেই।
আপাতত রাজ্যে তাপমাত্রার বড় কোনো হেরফের না থাকলেও ভোরের দিকে ও রাতে শীতের হালকা আমেজ বজায় থাকবে। কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কমবে শীতের অনুভূতি। বৃহস্পতিবার থেকে ধীরে ধীরে ঊর্ধ্বমুখী হবে পারদ। হাওয়া অফিসের পূর্বাভাস, সপ্তাহের শেষদিকে সর্বনিম্ন তাপমাত্রা আরও ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে, যার ফলে দিনের বেলা শীত কার্যত উধাও হয়ে যাবে।
মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে কিছুটা কম। তবে উইকএন্ডে তিলোত্তমার পারদ ১৮ থেকে ২০ ডিগ্রির ঘরে পৌঁছে যেতে পারে। উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী দু-তিন দিন হালকা থেকে মাঝারি কুয়াশার দাপট থাকবে, বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি ও কোচবিহারে দৃশ্যমানতা কম হতে পারে। দক্ষিণবঙ্গেও রাতের তাপমাত্রা এবার ধীরে ধীরে স্বাভাবিকের ঘরে ফিরবে।