উত্তরপ্রদেশের বরেলির কিলা ক্যান্টনমেন্ট এলাকায় এক মাস বয়সী এক শিশুকন্যার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে। অভিযোগ উঠেছে, চরম দারিদ্র্যের কারণে অনাহারে ও বিনা চিকিৎসায় মৃত্যু হয়েছে শিশুটির। শুক্রবার সকালে বাবা মহম্মদ শাদাব ও মা হিনা তাঁদের অন্য দুই সন্তানকে নিয়ে ভিক্ষা করতে বেরিয়েছিলেন। সন্ধ্যা ৬টা নাগাদ বাড়ি ফিরে তাঁরা দেখেন, একলা ঘরে পড়ে থাকা তাঁদের একরত্তি সন্তান নিস্পন্দ হয়ে রয়েছে।
এক সময়ের ঘুড়ির সুতো তৈরির কারিগর শাদাব করোনাকালে কাজ হারিয়ে ভিক্ষাবৃত্তিকে পেশা হিসেবে নিতে বাধ্য হন। স্থানীয়দের দাবি, খিদের জ্বালায় শিশুটির মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে দীর্ঘদিনের অসুস্থতা ও সংক্রমণের কথা উল্লেখ করা হয়েছে। পুলিশ এখনই অনাহারে মৃত্যুর তত্ত্বে শিলমোহর দেয়নি। অন্যদিকে, এই দম্পতি এর আগেও এক সন্তানকে হারিয়েছেন বলে দাবি করেছেন প্রতিবেশীরা। ঘটনার পর থেকেই এলাকা ছেড়েছেন শাদাব, যা রহস্য আরও বাড়িয়েছে।