সপ্তাহের শুরুতেই নাটকীয় মোড় ভারতীয় শেয়ার বাজারে। সোমবার লেনদেনের শুরুতে বিএসই (BSE) সেনসেক্স প্রায় ৩১০ পয়েন্ট পড়ে গেলেও, দ্রুত কামব্যাক করে দালাল স্ট্রিট। সকাল ৯.২২ মিনিট নাগাদ বাজার স্থিতিশীল হয়ে ৮২,৬২৬ স্তরে পৌঁছায়। এনএসই (NSE) নিফটি-ও প্রাথমিক ধাক্কা সামলে ২৫,৪৮২ পয়েন্টে লেনদেন শুরু করে। বেলা ১১টা নাগাদ সেনসেক্স ০.১৬ শতাংশ বেড়ে ৮২,৭৬২ এবং নিফটি ০.২১ শতাংশ বেড়ে ২৫,৫২৪ স্তরে থিতু হয়।
আজকের বাজারে পাওয়ার গ্রিড, এইচডিএফসি ব্যাঙ্ক এবং সান ফার্মার মতো স্টকের গ্রাফ ছিল ঊর্ধ্বমুখী। অন্যদিকে ইনফোসিস, আদানি পোর্টস এবং এসবিআই-এর মতো হেভিওয়েট শেয়ারগুলোতে কিছুটা পতন লক্ষ্য করা গেছে। তবে সোমবারের সবথেকে বড় খবর হলো ‘Groww’-এর মূল সংস্থা বিলিয়নব্রেইনস গ্যারেজ ভেঞ্চারস-এর শেয়ার দরে বড়সড় ধস। জেএম ফাইন্যান্সিয়াল ‘সেল’ রেটিং দেওয়ায় এনএসইতে শেয়ারটির দাম প্রায় ৫ শতাংশ কমে ১৬৪.৫ টাকায় নেমে এসেছে।
বিপরীত চিত্র দেখা গেছে জিএমআর (GMR) বিমানবন্দরের ক্ষেত্রে। তৃতীয় ত্রৈমাসিকের দুর্দান্ত ফলাফল এবং ট্র্যাফিক আপডেটের জেরে এই সংস্থার শেয়ার দর একলাফে ৬.২ শতাংশ বেড়ে ৯৯.৮৬ টাকায় পৌঁছেছে। বিনিয়োগকারীদের নজর এখন বাজারের পরবর্তী ওঠানামার দিকে।