২০২৬-এর বক্স অফিসে এখন কেবল একটিই নাম— ‘ধুরন্ধর ২: দ্য রিভেঞ্জ’। রণবীর সিং অভিনীত এবং আদিত্য ধর পরিচালিত এই স্পাই-থ্রিলার মাত্র ১৩ দিনে বিশ্বজুড়ে ১৪৩৫ কোটি টাকার ব্যবসা করে ইতিহাস গড়েছে। কিন্তু এই ‘ধুরন্ধর’ ঝড়ের মাঝেই এবার বড় পর্দায় দাপট দেখাতে প্রস্তুত অক্ষয় কুমার ও দক্ষিণী সুপারস্টার রাম চরণ। যদিও অক্ষয় কুমারের বহু প্রতীক্ষিত হরর-কমেডি ‘ভূত বাংলা’ ১০ এপ্রিল মুক্তির কথা, তবে বক্স অফিসে স্ক্রিন শেয়ারিং নিয়ে রণবীরের ছবির সঙ্গে অক্ষয়ের এক জোরদার স্নায়ুযুদ্ধ শুরু হয়েছে।
অন্যদিকে, রাম চরণের নতুন ছবি ‘পেড্ডি’ (Peddi) নিয়েও চড়ছে পারদ। আগামী ৩০ এপ্রিল মুক্তি পেতে চলা এই ছবিতে কুস্তিগীরের ভূমিকায় দেখা যাবে আরআরআর তারকাকে। ফিল্ম ট্রেড অ্যানালিস্টদের মতে, ‘ধুরন্ধর ২’ যেভাবে হল দখল করে রেখেছে, তাতে অক্ষয় ও রাম চরণের ছবিকে ব্যবসায়িক লড়াইয়ে নামতে হবে বেশ কঠিন চ্যালেঞ্জ নিয়েই। তবে প্রিয়দর্শন ও অক্ষয়ের ম্যাজিক এবং রাম চরণের প্যান-ইন্ডিয়া ক্রেজ কি পারবে রণবীরের রাজত্বে ভাগ বসাতে? উত্তরের অপেক্ষায় সিনেমাপ্রেমীরা।





